সড়ক দুর্ঘটনা, নিহত, তরুণ, বাস, মোটরসাইকেল, আগুন, আহত
বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। নয়া দিগন্ত

জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আশিফ হোসেন (১৭) নামে এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

Advertisement

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়ার বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশিফ জয়পুরহাট সদর উপজেলার হাতিগারা গ্রামের এমরান হোসেনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম হোসেন (২২) ও মফিজুল হোসেনের ছেলে জিহাদ হোসেন (২২)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে জে আর পরিবহন নামে একটি বাস পাঁচবিবির দিকে যাচ্ছিল। পথের মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আশিফ নিহত হয় এবং অপর দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান।  

দুর্ঘটনার পরপরই বাসের যাত্রী ও স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে সড়কে নেমে আসেন এবং বাসটিতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন। এতে জয়পুরহাট-হিলি সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।  

জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পুলিশ নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।