সড়ক দুর্ঘটনা, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত, জাকির হোসেন, জাহাঙ্গীর পোদ্দার, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। সংগৃহীত

রাজধানীর কদমতলীর পোস্তগোলা গোল চত্বর এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে মিশুক ও অটোরিকশার দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

Advertisement

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পোস্তগোলা গোল চত্বরের সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক জাকির হোসেন (৫৫) হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা মিন্নাত আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর কদমতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

অন্যদিকে, নিহত মিশুকচালক জাহাঙ্গীর পোদ্দার (৫০) পটুয়াখালী সদর এলাকার বাসিন্দা শাহ আলম পোদ্দারের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর কদমতলী এলাকায় বসবাস করতেন।

নিহত জাকির হোসেনের ছেলে মাহিন হোসেন জানান, তার বাবা পেশায় অটোরিকশাচালক ছিলেন। বুধবার রাতে পোস্তগোলা গোল চত্বরের সিএনজি স্টেশনের সামনে দুইটি ট্রাক দ্রুতগতিতে প্রতিযোগিতা করে যাওয়ার সময় ট্রাক দুইটির দুই পাশে থাকা অটোরিকশা ও মিশুকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা ও মিশুকে থাকা দুই চালক পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, নিহত জাহাঙ্গীরের স্ত্রী হাওয়া বেগম জানান, তার স্বামী মিশুকচালক ছিলেন। রাতে হাসপাতালে এসে তিনি স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে জানতে পারেন, ট্রাকের ধাক্কায় তার স্বামীর মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুই চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পোস্তগোলা গোল চত্বরের সিএনজি স্টেশনের সামনে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাশে থাকা একটি মিশুক ও একটি অটোরিকশার দুই চালক গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্য একজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।