জার্মানির একটি রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলের বড় জয়কে ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে রোববার (৬ সেপ্টেম্বর) অভিহিত করেছেন ফ্রান্সের ইউরোপবিষয়ক মন্ত্রী বেঞ্জামিন হাদ্দাদ।
একইসাথে তিনি রাজনীতিকদের প্রতি ভোটারদের কথা বিনয়ের সাথে শোনার আহ্বান জানিয়েছেন।
অভিবাসনবিরোধী এএফডি দলটি জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এআরডি ও জেডডিএফের প্রাথমিক পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেঞ্জামিন হাদ্দাদ বলেন, ‘জার্মানির একটি রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থীদের জয় ইউরোপের জন্য একটি গুরুতর মুহূর্ত।’
তিনি আরো বলেন, ‘আমাদের বিনয়ের সাথে মানুষের ক্ষোভ, উদ্বেগ ও ভয়কে শুনতে হবে এবং সেগুলোর জবাব দিতে হবে।’
হাদ্দাদ বলেন, ‘আমরা আমাদের ইতিহাস ভুলে যেতে পারি না। ফ্রান্স ও জার্মানির নেয়া সিদ্ধান্তগুলোর পেছনে এ ইতিহাসই মূল শিক্ষা।’
এআরডি ও জেডডিএফের পূর্বাভাস অনুযায়ী, স্যাক্সনি-আনহাল্টে এএফডি প্রায় ৪৪ শতাংশ ভোট পেয়েছে। এর ফলে দলটির ভোটের হার আগের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে।
অন্যদিকে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী সিডিইউ পেয়েছে প্রায় ১৮ শতাংশ ভোট।
সূত্র : বাসস



