দিল্লিতে ভবনধসে আটকে পড়াদের সন্ধানে উদ্ধারকারী দল

ভারতের নয়াদিল্লিতে ভবনধসে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে জরুরি উদ্ধারকারী দল।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের নয়াদিল্লিতে একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে
ভারতের নয়াদিল্লিতে একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে |সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে ভবনধসে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি-না, তা খুঁজতে সোমবার (৭ সেপ্টেম্বর) তল্লাশি চালিয়েছে উদ্ধারকারী দল। একদিন আগে পাঁচতলা ভবনটি ধসে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে জরুরি উদ্ধারকারী দল।

ভবনধসের ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া সর্বভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠান (এআইআইএমএস) জানায়, তাদের ট্রমা সেন্টারে ১০ জনকে নেয়া হয়েছিল।

এআইআইএমএস এক বিবৃতিতে জানিয়েছে, ‘১০ রোগীর মধ্যে পাঁচজনকে মৃত অবস্থায় আনা হয়। গুরুতর অবস্থায় থাকা আরো একজন রোগী পরে আহত অবস্থায় মারা যান।’

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার দল, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের শনাক্ত করতে ভারী যন্ত্রপাতির পাশাপাশি প্রশিক্ষিত কুকুর ব্যবহার করছে।

সত্য নিকেতন এলাকায় কয়েক শত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গাদাগাদি করে বিভিন্ন আবাসনে বসবাস করেন।

ভারতে ভবনধসের ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে অবৈধ স্থাপনাও ব্যাপক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটিকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে মন্তব্য করেছেন।

সূত্র : বাসস