প্রতিশ্রুতির খেলাপ :

ভারত জুড়ে আন্দোলনকারীদের গ্রেফতারে সরকারের ওপর ক্ষুব্ধ সিজেপি

আটক আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের লিখিত প্রতিশ্রুতি চেয়ে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কা কেন্দ্র সরকারের দুই মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
কাকরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যন্তর মন্তরে ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁস আন্দোলনের মাঝে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন, পাশে রয়েছেন দলের দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা।
কাকরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যন্তর মন্তরে ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁস আন্দোলনের মাঝে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন, পাশে রয়েছেন দলের দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা।

ভারতজুড়ে ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলন স্থগিতের পরপরই বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীদের আটক ও গ্রেফতারের খবর ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছে দলটি। দ্য হিন্দুস্তান টাইমস সোমবার (২৭ জুলাই) এ কথা জানিয়েছে।

সিজেপি মুখপাত্র সৌরভ দাস এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বিজেপি বা এনডিএ শাসিত রাজ্যগুলোতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না—কেন্দ্র সরকারের এমন আশ্বাসের পরেই তারা দেশব্যাপী আন্দোলন তুলে নিয়েছিলেন। অথচ এখন উল্টো ঘটনা ঘটছে। দলটির অন্যতম প্রধান দাবি ছিল—আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো মামলা বা এফআইআর দায়ের করা যাবে না।

আটক আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের লিখিত প্রতিশ্রুতি চেয়ে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কা কেন্দ্র সরকারের দুই মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।

গত শনিবার প্রতিশ্রুতি দেয়া ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সিজেপি বিক্ষোভ প্রত্যাহার করে। তবে এর পরপরই বিহার, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্য থেকে বিক্ষোভকারীদের আটকের খবর আসতে থাকে। বিশেষ করে গাজিয়াবাদে সিজেপি স্বেচ্ছাসেবক মোহাম্মদ জুনেদের বাড়িতে পুলিশি তল্লাশি ও তাঁর স্বজনদের হয়রানির অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। তবে মুখপাত্র রত্না সিং নিশ্চিত করেছেন যে জুনেদ নিরাপদ আছেন এবং তাঁকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

এদিকে, আন্দোলন স্থগিতের পর দিল্লির একটি হোটেলে সিজেপি নেতাদের উদযাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। সাধারণ আন্দোলনকারীদের একাংশ এটিকে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ বলে সমালোচনা করছেন, কারণ একদিকে কর্মীরা গ্রেফতার হচ্ছেন, আর অন্যদিকে নেতারা উল্লাস করছেন।

দলটি পরিষ্কার জানিয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁসের কারণে আত্মহত্যাকারীদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া, সব মামলা প্রত্যাহার করা এবং পরীক্ষা সংস্কারের ৫ দফা দাবি মেনে না নিলে তারা পরবর্তী পদক্ষেপ নেবে।