ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৬ ফেরি, ২০ লঞ্চ

ঘাট এলাকা যানজটমুক্ত, চাঁদাবাজ, দালাল, ছিনতাইকারী ও মলমপার্টির দৌরাত্ম্যরোধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পোশাক ও সাদা পোশাকে জেলা পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট |সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এবার চলাচল করবে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ।

বুধবার (১১ মার্চ) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, আসন্ন ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে, যার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৭ নম্বর ফেরিঘাট সচল থাকবে।

তারা আরো জানান, ঘাট এলাকা যানজটমুক্ত, চাঁদাবাজ, দালাল, ছিনতাইকারী ও মলমপার্টির দৌরাত্ম্যরোধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পোশাক ও সাদা পোশাকে জেলা পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভাড়ার চার্ট ও টিকিট কাউন্টারের তালিকা প্রদর্শন এবং অবৈধ যানবাহন চলাচল রোধে ঘাট এলাকায় সার্বক্ষণিক মনিটরিং করবেন প্রশাসনের কর্মকর্তারা। ঘাট এলাকায় আলোকসজ্জা, অস্থায়ী টয়লেট, মাতৃদুগ্ধ কেন্দ্রসহ থাকবে সুপেয় পানি ও ইফতারের ব্যবস্থা থাকবে।

রাজবাড়ী জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো: হারুন-অর-রশিদ।

সভায় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা: এস এম মাসুদসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।