নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, নারীসহ ৩ জনের কারাদণ্ড

মাদকবিরোধী অভিযানে চোলাইমদ উৎপাদন, সংরক্ষণ ও কেনাবেচার অপরাধে নারীসহ তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
মাদকবিরোধী অভিযানে দণ্ডপ্রাপ্ত আসামিরা
মাদকবিরোধী অভিযানে দণ্ডপ্রাপ্ত আসামিরা |নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে চোলাইমদ উৎপাদন, সংরক্ষণ ও কেনাবেচার অপরাধে নারীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বেগমগঞ্জের ইউএনও ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কায়েসুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জেলা কার্যালয়ের অংশগ্রহণে অভিযানটি পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন প্রদীপ রবিদাস (৩৫), আলো রানী দাস (৫৯) ও গণেশ রবি দাস (৪৫)।

জানা গেছে, জেলার প্রধান বাণিজ্য শহর চৌমুহনী গণিপুর এলাকার রবিদাস পাড়ায় এ অভিযান চালানো হয়। এ সময় চোলাইমদ উৎপাদন, সংরক্ষণ ও কেনাবেচার অপরাধে প্রদীপ ও আলোকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া গণেশকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয় উপ-পরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিস্তার রোধ ও সমাজকে মাদকমুক্ত রাখতে বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।