ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পৃথক দুই দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নে‌মে এসেছে। দুর্ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh

ময়মনসিংহের ত্রিশাল ও দক্ষিণ গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

সোমবার দুপুরে ত্রিশালের তিরখী কালিরবাজার ও দক্ষিণ গফরগাঁওয়ে দুর্ঘটনা দুটি ঘটে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ত্রিশালের কানিহারী ইউনিয়নের তিরখী কালিরবাজার এলাকায় ময়মনসিংহ-গফরগাঁও আঞ্চলিক সড়কে বালুবাহী ড্রাম ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক জসিমউদ্দিন (৩৮) ও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

নিহত জসিমউদ্দিন ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি থানার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। নিহত অপর নারীর বয়স আনুমানিক ৩২ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জসিমউদ্দিন যাত্রী নিয়ে গফরগাঁও থেকে ময়মনসিংহ শহরের দিকে যাচ্ছিলেন। তিরখী কালিরবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় সিএনজি চালক জসিমউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত এক নারী মারা যান। অপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় বলেন, সিএনজিচালক ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পর একজন নারী মারা গেছেন বলে জানা গেছে। তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর আহমেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এদিকে একই দিন দক্ষিণ গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় রিফাত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার পাইথল ইউনিয়নের শহীদনগর গ্রামের আলম মিয়ার ছেলে।

পৃথক দুই দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নে‌মে এসেছে। দুর্ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।