ঈশ্বরগঞ্জে রমজানেও মাদকের উল্লাস, ইয়াবাসহ যুবক গ্রেফতার

এলাকার তরুণেরা মাদকাসক্ত হয়ে পড়লেও এ কারবার নিয়ন্ত্রণের বাইরেই রয়েছে। মাদক কারবার ঘিরে হত্যাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলছে নিয়মিত।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
আটক মাদক কারবারি
আটক মাদক কারবারি |নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাদকের রমরমা কারবার চলছে। পবিত্র রমজানেও থামেনি এদের কার্যক্রম বরং তারাবির নামাজের সময়ে অপ্রতিরোধ্য হয়ে পড়ছে তারা। পুলিশের নাকের ডগায় খোদ পৌর এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রহমতগঞ্জ থেকে শিমুলতলী মোড় পর্যন্ত দিবা-রাত্রি চলছে রমরমা মাদকের হাট। এছাড়াও সোহাগী বাজার, রায়বাজার, হারুয়া বাজার ও উচাখিলা বাজারের চলছে মাদক বেচা-কেনার কার্যক্রম।

সোমবার (৩ মার্চ) ঈশ্বরগঞ্জ বাজার এলাকায় ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহা সড়কের ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় সোনালী ব্যাংকের সামনে থেকে মো: আজিজুল মিয়া (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আজিজ কৃষ্টপুরের পাটগুদাম নিউ কলোনীর ১৮ নম্বর ওয়ার্ড, ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

উল্লেখ্য, চর এলাকায় হরদম মাদক কেনাবেচা চলছে। এলাকার তরুণেরা মাদকাসক্ত হয়ে পড়লেও এ কারবার নিয়ন্ত্রণের বাইরেই রয়েছে। মাদক কারবার ঘিরে হত্যাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলছে নিয়মিত।

বিভিন্ন সময় অভিযান চালালেও মাদক কারবারিরা থেকে যায় আড়ালে। দুর্গম চরে অভিযান চালানো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অবশ্য মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে পুলিশের ঘুম ভাঙ্গানোর চেষ্টা অব্যাহত রেখেছে।

মাদক কারবারি আটকের ঘটনায় উপ-পরিদর্শক আজগর আলী ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে।’