ভারতে পালিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে সালাউদ্দিন আহমেদ (৩৫) নামে নারী নির্যাতন মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা জয়নগর ইমিগ্রেশন পয়েন্ট অতিক্রম করার সময় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সালাউদ্দিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কোটপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সালাউদ্দিন পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দর্শনা রুট দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তার চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তল্লাশি চালান। পরবর্তীতে সার্ভারে তথ্য যাচাই-বাছাই করে জানা যায়, সালাউদ্দিন ঝালকাঠির রাজাপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে দায়ের করা একটি সিআর নারী নির্যাতন মামলার (মামলা নম্বর-৩০৫/২৬, তারিখ: ২৩ আগস্ট ২০২৬) পরোয়ানাভুক্ত আসামি। সাবেক স্ত্রীর করা ওই মামলায় পরোয়ানা জারির পর থেকে তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মমাফিক তল্লাশি ও তথ্য যাচাইকালে মামলার বিষয়টি উঠে এলে তাকে আটক করা হয়। পরে তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটক আসামিকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।



