
জয়পুরহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যর্থতার প্রতিবাদে এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ব্যাংকটির জয়পুরহাট শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং লুটেরাদের হাত থেকে ইসলামী ব্যাংককে রক্ষার দাবি জানান।
জয়পুরহাট জেলা সচেতন গ্রাহক ফোরামের সভাপতি এনামুল হক হেলাল আকন্দের সভাপতিত্বে সমাবেশে প্রকৌশলী মো: আব্দুল বাতেন, আজিজুর রহমান, জালাল উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।








