গাইবান্ধা পৌর শহীদ মিনারে ভাষা দিবসে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্লোগান দিয়ে ফুল দেয়ার সময় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পৌর পার্ক থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের সমেজ উদ্দিনের ছেলে ইমারুল ইসলাম সাবিন (৬৪)। তিনি গাইবান্ধা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অপরজন হলেন, জেলা আওয়ামী লীগের সদস্য শাহিন চকোদার (৪৮)। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার রমিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার রাত ১২টা ১ মিনিটের পর থেকে শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। আজ শনিবার বিকেল ৩টার দিকে ইমারুল ইসলাম সাবিন কয়েকজনকে সাথে নিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে হাসিনা সরকারকে ফিরিয়ে আনাসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের মধ্য থেকে দুইজনকে গ্রেফতার করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃত দুই আওয়ামী লীগ নেতাকে চব্বিশের গণঅভ্যুত্থানের সময় জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



