মাওলানা নযরুর রহমান
মাওলানা নযরুর রহমান। সংগৃহীত

পাকিস্তান তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট দাঈ মাওলানা নযরুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) দেশটির একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২০১৮ সাল থেকে মাওলানা নযরুর রহমান পাকিস্তান তাবলিগ জামাতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন।

মাওলানা নযরুর রহমানের পৈতৃক নিবাস পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলার প্রত্যন্ত গ্রাম বিলাওয়ালে।

ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের শোক
তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। শোকসন্তপ্ত পরিবার ও তাবলিগ জামাতের শীর্ষ নেতাদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ইসলাম প্রচারে মাওলানা নযরুর রহমানের অবদান অত্যন্ত মূল্যবান। দ্বীনের প্রচারে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মাওলানা নযরুর রহমানের ধর্মীয়, ইলমি ও দাওয়াতি খেদমত সব সময় স্মরণীয় হয়ে থাকবে। তিনি নিজের জীবন ইসলামের প্রচার ও সমাজ সংস্কারের কাজে উৎসর্গ করেছিলেন।

জামিয়া বিনোরিয়া আলমিয়া করাচির প্রধান মুফতি ড. মুফতি নোমান নাঈম বলেন, মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল ধর্মীয় ও ইলমি অঙ্গনের জন্য বড় বিপর্যয়। তিনি ছিলেন বিশিষ্ট আলেম, শায়খুল হাদীস ও ইসলামের একনিষ্ঠ দাঈ। তার পুরো জীবন দ্বীনি ইলমের শিক্ষা, দাওয়াত-তাবলিগ ও সমাজ সংস্কারের কাজে নিবেদিত ছিল।

তিনি আরো জানান, মাওলানা নযরুর রহমান অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে রাইবেন্ড মারকাজে শিক্ষকতা ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। হাজি আবদুল ওয়াহাব রহ: জীবদ্দশায় তাকে নিজের উত্তরসূরি মনোনীত করেছিলেন। হাজি আবদুল ওয়াহাবের ইন্তেকালের পর ২০১৮ সালে তিনি তাবলিগ জামাতের আমিরের দায়িত্ব গ্রহণ করেন।

মুফতি নোমান নাঈম বলেন, মাওলানা নযরুর রহমানের জীবন ছিল সরলতা, তাকওয়া, ইখলাস ও অবিচলতার অনন্য দৃষ্টান্ত। তার দ্বীনি, ইলমি ও দাওয়াতি খেদমত সব সময় স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে পাকিস্তানের ধর্মীয় নেতা হাফেজ মুহাম্মদ তাহির মাহমুদ আশরাফিও মাওলানা নযরুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবার, তাবলিগ জামাতের শীর্ষ নেতৃবৃন্দ ও অনুসারীদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দাওয়াত-তাবলিগ, সমাজ সংস্কার এবং মানুষকে ইসলামের সাথে সম্পৃক্ত করার ক্ষেত্রে মাওলানা নযরুর রহমানের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা কামনা করেন এবং তার পরিবার, সহকর্মী ও অনুসারীদের ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন।

বাংলাদেশের তাবলিগ-জামাতের শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হানও তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

সূত্র : সামা টিভি ও এক্সপ্রেস নিউজ