শেখ গাসসান
শেখ গাসসান ইন্তেকার করেছেন। সংগৃহীত

সৌদি আরবের মদিনা মুনাওয়ারার তাবলিগের শীর্ষস্থানীয় মুরব্বি শেখ গাসসান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

Advertisement

সোমবার (৯ নভেম্বর) তাবলীগ জামাত বাংলাদেশ শূরায়ী নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি জানিয়েছেন, শেখ গাসসানের ইন্তেকারে তাবলিগের সাথে সংশ্লিষ্ট আলেম, মুরব্বি ও অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

আরো পড়ুন—আনুগত্য পরিবর্তনে সাজাপ্রাপ্তরাও ‘নিষ্পাপ’ হয়ে যান : মাওলানা ফজলুর রহমান 

শেখ গাসসান মদিনা মুনাওয়ারার আহলে বাইতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি মাওলানা এনামুল হাসান রহ:, মাওলানা জুবাইরুল হাসান রহ: ও মাওলানা ইবরাহিম দেওলার সান্নিধ্যে থেকে দীর্ঘদিন খেদমত করেছেন। একইসাথে তিনি দ্বীনের দাওয়াত ও তাবলিগের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

প্রায় ৫০ বছর আগে শেখ গাসসান ও শেখ ফাদিল উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে যান। ইউনিভার্সিটি অব ডেনভারে অধ্যয়নকালে তারা তাবলিগের মেহনতে যুক্ত হন। ছাত্রজীবনেই উত্তর আমেরিকার আরব জনগোষ্ঠীর মধ্যে দাওয়াতের কাজ শুরু করেন। পরে দেশে ফিরে শেখ গাসসান মদিনা মুনাওয়ারায় এবং শেখ ফাদিল জেদ্দায় তাবলিগের কাজে আত্মনিয়োগ করেন।

আরো পড়ুন—কারাগারে কোরআন পড়ছেন মাদুরো, কিন্তু কেন?

আহলে বাইতের সদস্য হওয়ায় আরবের বিভিন্ন মাশায়েখ ও প্রভাবশালী মহলে শেখ গাসসানের বিশেষ গ্রহণযোগ্যতা ছিল। তিনি তাদের মধ্যে দ্বীনের দাওয়াতের কাজ পরিচালনা করতেন। মাওলানা এনামুল হাসান রহ:-এর ইন্তেকালের পর তারা পাকিস্তানের শীর্ষ তাবলিগি মুরব্বি হাজী আবদুল ওয়াহ্হাব রহ:-এর পরামর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করতেন।

বাংলাদেশের তাবলিগের সাথেও শেখ গাসসানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তিনি প্রতি বছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে আসতেন। তাবলিগের মুরব্বি ও সাথীদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

২০২০ সালে করোনা মহামারীর সময় শেখ গাসসান ও শেখ ফাদিল একসাথে ইন্দোনেশিয়া সফরে ছিলেন। ওই সফরেই করোনায় আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ায় ইন্তেকাল করেন শেখ ফাদিল। দীর্ঘদিনের সফরসঙ্গী শেখ গাসসানের মৃত্যুতে তাবলিগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা একজন অভিজ্ঞ মুরব্বি ও নিবেদিতপ্রাণ দাঈকে হারালেন।