ড. রেদোয়ান আহমেদ
ড. রেদোয়ান আহমেদ। ছবি: আরটিএনএন

এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন ড. রেদোয়ান আহমেদ। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-৭ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন। 

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন শক্তি যুক্ত হচ্ছে। 

এ সময় ড. রেদোয়ান আহমেদের মতো একজন দক্ষ সংগঠক, শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তির বিএনপিতে যোগদান দলকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় ড. রেদোয়ান আহমেদ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে তিনি বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনে যুক্ত হয়েছেন। কুমিল্লা-৭ আসনের জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন।

একই সময়ে বিএনপি জানায়, যুগপৎ আন্দোলনের সঙ্গী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংগতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান নিজেদের মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেবেন। এই সমঝোতার কারণে তাদের আসনগুলোতে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। তবে নিবন্ধনহীন রাজনৈতিক দলগুলো ধানের শীষ নিয়ে নির্বাচন করবে।

মোট আটজন প্রার্থী বিএনপি-জোট থেকে ছাড় পেয়েছেন। এর মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জাতীয় পার্টি (কাজী জাফর) থেকে মোস্তফা জামাল হায়দার রয়েছেন।