
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল লুটের অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নিজ গ্রাম থেকে ফিরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের ভূমিপল্লী এলাকার ‘সাহানারা মঞ্জিল’ নামক ভাড়া বাসায় এসে এমন দৃশ্য দেখতে পান তিনি।
অভিযোগে বলা হয়েছে, রাহী ও তার পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে পাঁচ থেকে ছয়জন লোক বাসায় প্রবেশ করে এসি, ফ্রিজ, খাট, রান্নাঘরের চুলা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যান। গতকাল মঙ্গলবার দুপুরে ভাড়া বাসায় এসে মালামাল না থাকার বিষয়টি দেখতে পান রাহী। পরে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।
রাহী জানান, প্রায় দুই মাস আগে তিনি ওই বাসাটি ভাড়া নেন। সেখানে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তবে প্রায় ২০ দিন আগে অসুস্থ হয়ে গ্রামের বাড়িতে চলে যাওয়ার পর বাসাটি কার্যত ফাঁকা ছিল। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। রাহী গ্রামের বাড়িতে চলে যাওয়ার পর তিনিও ওই বাসায় আর থাকেননি।
রাহী অভিযোগ করে বলেন, ‘সাইদুল নামে একজন স্থানীয় ব্যক্তি কয়েকজন লোক নিয়ে এসে আমার বাসার সব মালামাল নিয়ে গেছেন। এর মধ্যে এসি, ফ্রিজ, খাট, রান্নাঘরের চুলা, স্বর্ণের গয়না ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মালামাল নিয়ে যাওয়ার আগে সাইদুল আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কিছু লোকজন এসে আমাকে খোঁজাখুঁজি করছে এবং দ্রুত তার সাথে দেখা করতে।’
রাহীর দাবি, তিনি সাইদুলকে ব্যক্তিগতভাবে তেমন চেনেন না। শুধু একদিন তার সাথে কথা হয়েছিল। তার অনুপস্থিতির সুযোগে সাইদুল লোকজন নিয়ে এসে বাসা থেকে মালামাল সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তবে কী কারণে ওই ব্যক্তি তার বাসার মালামাল নিয়ে গেছেন, তা তিনি নিশ্চিত নন।
বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ আপেল বলেন, ‘সাইদুল নামে এক ব্যক্তি পাঁচ থেকে ছয়জন লোক নিয়ে এসে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে ওই রুমের সব মালামাল নিয়ে যায়। বিষয়টি আমি বাড়ির মালিককে জানিয়েছি।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাসা থেকে কী কী মালামাল নেয়া হয়েছে এবং ঘটনার সাথে কারা জড়িত, তা যাচাই করা হচ্ছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দ্রুতই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
ওসি আরো বলেন, ‘অভিযুক্ত সাইদুলের সাথে রাহীর আগে কোনো বিরোধ ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।’







