
বেইজিংভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের প্রেসিডেন্ট হুইয়াও ওয়াং বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বন্ধে চীন ‘বিরাট ভূমিকা’ রাখতে পারে। বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে চীনের গুরুত্ব ক্রমেই বাড়ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াং বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ‘প্রায় সাত মাস ধরে চলছে, অথচ এ যুদ্ধ শেষের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না’।
তিনি বলেন, ইতিহাসে দেখা গেছে, দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হলে নিজেদের উদ্যোগে সেই সংঘাতের অবসান ঘটানো সবসময় সহজ হয় না। এ ক্ষেত্রে তৃতীয় কোনো দেশকে মধ্যস্থতা করতে এগিয়ে আসতে হয়।
ওয়াং বলেন, প্রয়োজন হলে চীনের হাতে এ ক্ষেত্রে বড় ভূমিকা পালনের সুযোগ রয়েছে। তার ভাষায়, ‘যুদ্ধরত দুই পক্ষের সংঘাতের কোনো শেষ দেখা যাচ্ছে না—এই বাস্তবতাই দেখিয়ে দিচ্ছে, বড় কোনো গ্যারান্টর বা নিশ্চয়তাদানকারী শক্তির এগিয়ে আসা প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘আমার মনে হয়, যুক্তরাষ্ট্র এই যুদ্ধের অবসান চায়। আর এ জন্য তাদের চীনের সহযোগিতাও প্রয়োজন।’
ওয়াংয়ের বক্তব্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে চীনের সম্ভাব্য মধ্যস্থতাকারী ভূমিকার বিষয়টি উঠে এসেছে।







