ইসলামী ব্যাংকগুলোর বাস্তব সমস্যা ও শরিয়াহ সম্মত সমাধান বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকগুলোর বাস্তব সমস্যা ও শরিয়াহ সম্মত সমাধান বিষয়ে সেমিনার অনুষ্ঠিত।
ads

সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের উদ্যোগে গতকাল ‘বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা : ইসলামী ব্যাংকগুলোর বাস্তব সমস্যা ও শরিয়াহ সম্মত সমাধান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর দিলকুশায় পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই আয়োজন করা হয়। 
সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সেমিনারে অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান বদিউর রহমান। স্বাগত বক্তব্য দেন সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো: আনোয়ার হোসাইন মোল্লা। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ব্যাংকের হেড অব শরিয়াহ সেক্রেটারিয়েট উইং এসইভিপি মুহাম্মদ শামসুদ্দোহা, বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ড. মুফতি ইউসুফ সুলতান এবং ইস্টার্ন ব্যাংকের ডেপুটি চিফ অব ইসলামিক ব্যাংকিং এসইভিপি এ কে এম মীজানুর রহমান। 
প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের পুনঃতফসিল, পুনর্গঠন, পুনঃঅর্থায়ন, প্রাকঅর্থায়ন ও বিশেষ এক্সিটের মতো নীতিসহায়তা মূলত প্রচলিত কাঠামো বিবেচনায় প্রণীত হওয়ায় ইসলামী ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে তা বাস্তবায়ন করতে পারে না। গ্রেস পিরিয়ডে মুনাফা আরোপ এবং মুদারাবা ডিপোজিটরদের তহবিল থেকে একতরফাভাবে মুনাফা মওকুফ এর উদাহরণ। সমাধান হিসেবে ইসলামী ব্যাংকগুলোর জন্য পৃথক সার্কুলার, ওয়াকালা-মুদারাবা-মুশারাকাভিত্তিক পুনঃঅর্থায়ন তহবিল, শরিয়াহ সম্মত তারল্য সহায়তা, এনপিআই প্রভিশনিংয়ে এবং জু‘আলা ও ইবরাভিত্তিক নিষ্পত্তির মাধ্যমে খেলাপি বিনিয়োগ আদায়ের প্রস্তাব করা হয়। 
প্যানেল আলোচনায় অংশ নেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চেয়ারথম্যান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক, সোনালী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল এমডি মো. সিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের আইবিআরপিডির পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। তারা বলেন, ইসলামী ব্যাংকিংয়ের চুক্তিগত কাঠামো প্রচলিত ঋণ থেকে ভিন্ন হওয়ায় নীতিসহায়তার শর্ত ও কার্যপদ্ধতি নির্ধারণে শরিয়াহর মৌলিক নীতিমালা বিবেচনায় রাখা জরুরি। প্রকৃত ক্ষতিগ্রস্ত গ্রাহকের প্রতি সহনশীলতা এবং ইচ্ছাকৃত খেলাপির ক্ষেত্রে কঠোর অবস্থানের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। 
সেমিনারে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের প্রতিনিধি, বিভিন্ন ইসলামী সেবাদানকারী ব্যাংকের শীর্ষ নির্বাহী, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য, শিক্ষাবিদ, গবেষক এবং সিএসবি ফেলোস ফোরামের নেতাসহ ৪২টি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।