ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ২২০ দুর্ঘটনা, প্রাণহানি ১৭০

আহসান হাবীব শিবচর (মাদারীপুর)

Advertisement

পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকার সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগব্যবস্থায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। ফেরি বা লঞ্চের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ভোগান্তি কমেছে। কয়েক ঘণ্টায় গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে। তবে দ্রুত ও স্বস্তিদায়ক যাতায়াতের বিপরীতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এখন দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে। বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচলে প্রায়ই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত প্রায় চার বছরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২২০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭০ জন। আহত হয়েছেন ১১২ জন। দুর্ঘটনাগুলোতে ৮৫টি মামলা হয়েছে। নিহতদের মধ্যে ১২৮ জন পুরুষ, ৩৪ জন নারী ও আটজন শিশু।
স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি, চালকদের অসতর্কতা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, যানবাহনের যান্ত্রিক ত্রুটি ও প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার অন্যতম কারণ। নির্ধারিত গতিসীমা উপেক্ষা করে অনেক যানবাহন একে অপরের সাথে পাল্লা দিয়ে চলে। সামনে থাকা গাড়িকে অতিক্রম করতে গিয়ে লেন পরিবর্তন, হঠাৎ ব্রেক করা এবং নিরাপদ দূরত্ব বজায় না রাখায় সংঘর্ষের ঘটনা ঘটছে। আবার যান্ত্রিক ত্রুটিতে কোনো গাড়ি সড়কে থেমে গেলে পেছন থেকে আসা দ্রুতগতির যানবাহনের ধাক্কায় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
ট্রাকচালক মজিবুর রহমান শিকদার বলেন, বেপরোয়া গতির কারণে এক্সপ্রেসওয়েতে ট্রাক চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি এখন মূল এক্সপ্রেসওয়ে এড়িয়ে নিচের বিকল্প সড়ক দিয়ে চলাচল করেন। দুর্ঘটনা কমাতে সব ধরনের যানবাহনের গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার তপন কুমার ঘোষ জানান, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে উদ্ধারকাজের জন্য ভাঙ্গা ইউনিটে পর্যাপ্ত জনবল ও আধুনিক হাইড্রোলিক কাটার, স্প্রেডার, মেকানিক্যাল জ্যাকসহ বিশেষায়িত উদ্ধারযান প্রস্তুত রয়েছে। শিবচর স্টেশন থেকেও সার্বক্ষণিক সহায়তা দেয়া হয়।
শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, হাইওয়ে থানার পাশে একটি ট্রমা সেন্টার নির্মাণ করা হয়েছে। এটি চালু হলে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেয়া সম্ভব হবে। 
হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার মোমতাজুল এহসান আহমেদ হুমায়ুন বলেন, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রকল্প চালু রয়েছে। এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের চেষ্টা চলছে। প্রকল্পটি কার্যকর হলে ট্রাফিক কন্ট্রোল রুম থেকে যানবাহনের চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব হবে। স্পিড গান ব্যবহারের কার্যক্রম বন্ধ হয়নি, তবে সীমিত পরিসরে চলছে।