
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারায় খাবারে অননুমোদিত রঙ ও রাসায়নিক ব্যবহার, বাসি মুরগি সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তিনটি রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চাতুরী-চৌমুহনী ও টানেল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে ভোজন বাড়ি রেস্তোরাঁকে ৬০ হাজার, সাদিয়াস কিচেনকে ১০ হাজার ও টানেল ভিউ রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে একটি প্রতিষ্ঠানে বাসি শর্মার চিকেন ও অন্য একটিতে একই ফ্রিজে কাঁচা মাছ-গোশতের সাথে রান্না করা বাসি খাবার সংরক্ষণ ও অননুমোদিত রঙ ব্যবহারের অনিয়মও পাওয়া যায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো: আনিছুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সহকারী পরিচালক মো: আনিছুর রহমান বলেন, ‘এসব অনিয়ম ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। জনস্বাস্থ্যের সুরক্ষায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্যবিধি মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








