মধ্যপ্রাচ্য পরাশক্তিদের শক্তি প্রদর্শনের মাঠ হওয়া উচিত নয় : শি জিনপিং

 আলজাজিরা 
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলকে পরাশক্তিদের ভূরাজনৈতিক সঙ্ঘাতের ক্ষেত্র বানানো উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সাথে তিনি জানিয়েছেন, দীর্ঘস্থায়ী শান্তি অর্জনে আরব দেশগুলোর সাথে কাজ করতে প্রস্তুত চীন। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন।
গতকাল সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে শি জিনপিং বলেন, বর্তমান বিশ্ব শতবর্ষের মধ্যে দেখা যায়নি এমন এক ‘সুদূরপ্রসারী পরিবর্তনের’ মধ্য দিয়ে যাচ্ছে।  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শি জিনপিং বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল পরাশক্তিদের প্রতিদ্বন্দ্বিতা ও ভূরাজনৈতিক সঙ্ঘাতের ময়দান হওয়া অনুচিত। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য সব পক্ষের সম্মিলিত সদিচ্ছা ও সুরক্ষা জরুরি।’
চীনের প্রেসিডেন্ট আরো উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ বন্ধে বেইজিং শুরু থেকেই প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলের নিরাপত্তা সঙ্কট নিরসনে চীন কার্যকর ভূমিকা ও সমাধান দিয়ে অবদান রাখতে চায়। ১৯৭৮ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ওমানের কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে এই প্রথম চীন সফরে এলেন সুলতান হাইথাম। রোববারে দুই দিনের সফরে বেইজিংয়ে পৌঁছান তিনি। ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বৈঠকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ইস্যুতে চীনের নেয়া বিভিন্ন অবস্থানের ভূয়সী প্রশংসা করেন সুলতান হাইথাম।

Advertisement