সরকারি স্কুলে ভর্তিতে লটারির পাশাপাশি ফিরছে লিখিত পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

Advertisement

আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পুরো প্রক্রিয়াতেই আসছে বড় পরিবর্তন। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণীতে লটারি ব্যবস্থা বহাল থাকলেও দ্বিতীয় থেকে নবম শ্রেণীর শূন্য আসনে ভর্তি হতে হবে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে। দীর্ঘদিনের একচ্ছত্র লটারিনির্ভরতা কাটিয়ে মেধা যাচাইয়ের এই পরীক্ষভিত্তিক ব্যবস্থায় ফেরাকে মাধ্যমিক শিক্ষার ভর্তি কার্যক্রমে একটি তাৎপর্যপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।
জারিকৃত নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণীতে কেন্দ্রীয়ভাবে লটারি পরিচালনা করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। আবেদনের সময় একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দের তালিকায় রাখতে পারবে; তবে কোনো প্রতিষ্ঠানে দু’টি শিফট থাকলে সেগুলোকে আলাদা পছন্দ হিসেবে গণনার সুযোগ দেয়া হয়েছে।
নীতিমালার সবচেয়ে আলোচিত পরিবর্তনটি এসেছে দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত। এসব শ্রেণীর শূন্য পদের বিপরীতে কেবল মেধার ভিত্তিতেই শিক্ষার্থীরা ঠাঁই পাবে। শ্রেণিভেদে পরীক্ষার নম্বরেও রাখা হয়েছে বৈচিত্র্য- দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরীক্ষা নেয়া হবে ৫০ নম্বরের, আর ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ১০০ নম্বর। ফলে লটারির ভাগ্য পরীক্ষা পেরিয়ে উপরের শ্রেণীতে টিকতে হলে এখন খাতার পারফরম্যান্সই হয়ে উঠবে প্রধান শর্ত।
তবে মেধা যাচাইয়ের পথ সুগম হলেও সিদ্ধান্তটিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে নামীদামি সরকারি স্কুলগুলোতে আসন সীমিত হওয়ায় তীব্র প্রতিযোগিতার পাশাপাশি নতুন করে কোচিং বাণিজ্য ও গাইড বইয়ের দৌরাত্ম্য বাড়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। শিক্ষাবিদদের একটি অংশ মনে করছেন, পরীক্ষা প্রথা ফিরলে যোগ্য শিক্ষার্থী বাছাই সহজ হবে ঠিকই; কিন্তু অতিরিক্ত আর্থিক চাপ সামলাতে না পেরে প্রান্তিক ও অসচ্ছল পরিবারের সন্তানরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে।
এমন বাস্তবতায় পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে খাতা মূল্যায়ন, ফল প্রকাশ এবং শূন্য আসনের হিসাব- সব ক্ষেত্রেই শতভাগ স্বচ্ছতা রক্ষা করাকে মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। লটারি ও পরীক্ষার এই সমন্বিত মডেল বাস্তবায়নে কর্তৃপক্ষ কতটা নিরপেক্ষতা ও কঠোর তদারকি নিশ্চিত করতে পারে, তার ওপরই নির্ভর করছে এই ভর্তি নীতিমালার সার্বিক সাফল্য।