
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুরে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্রশিক্ষণ গ্রহণ করে আফ্রিকার দ্বীপরাষ্ট্র সিসিলিতে উচ্চ বেতনে চাকরির চূড়ান্ত অফার পেয়েছেন নওগাঁর বদলগাছী উপজেলার বিষপাড়া গ্রামের মো: মুরাদ হোসেন। দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাহিনীর চলমান উদ্যোগের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত এই অর্জন।
মো: মুরাদ হোসেন আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুর থেকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। অর্জিত কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে তিনি আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে সিসিলি থেকে তার ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর কথা রয়েছে।
সিসিলিতে চাকরির চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনলাইনে তার সাক্ষাৎকার গ্রহণ করে। এ ক্ষেত্রে বাহিনীর উদ্যোগে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে সাক্ষাৎকার প্রদানের ব্যবস্থা করা হয়। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন সফিপুর আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এবং বাহিনীর সদর দফতরের প্রকল্প প্রশিক্ষণ পরিদফতরের পরিচালক। প্রশিক্ষণার্থীর কর্মসংস্থানের পথ সুগম করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই সহযোগিতা বাহিনীর প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তামূলক কার্যক্রমের প্রতিফলন।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সহযোগিতায় মুরাদ হোসেন প্রাণ-আরএফএল গ্রুপের একটি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পান। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও চাকরির অফার পেয়েছিলেন। তবে পারিবারিক সমস্যার কারণে সে সময় তার দুবাই যাওয়া সম্ভব হয়নি বলে তিনি জানান। পরবর্তী সময়ে সিসিলিতে চাকরির চূড়ান্ত অফার পাওয়া তার কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে কর্মজীবনে এগিয়ে যাওয়ার নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








