কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়ত মহাসম্মেলন

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের যাবতীয় বিভ্রান্তিকর প্রকাশনা অবিলম্বে বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। গতকাল রাজধানীর ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদ চত্বরে ঢাকা মহানগর লালবাগ জোনের উদ্যোগে আয়োজিত মহাসম্মেলন থেকে সরকার ও তাওহিদী জনতার প্রতি এই জোর দাবি জানানো হয়।
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। 
তিনি বলেন, ‘হজরত মুহাম্মদ সা: সর্বশেষ নবী ও রাসূল। তারপর আর কোনো নবী আসবেন না- এটি ইসলামের মূল আকিদা। বিশ্বের  বেশির ভাগ মুসলিম দেশে কাদিয়ানিদের আইনগতভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। ৯২ ভাগ মুসলমানের বাংলাদেশেও অবিলম্বে তাদের অমুসলিম ঘোষণা ও প্রকাশনা বাজেয়াপ্ত করতে হবে।’
প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী অভিযোগ করেন, ইসরাইলে কাদিয়ানি মহাসম্মেলনে তাদের আসল রূপ ও ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও টিভিতে তথাকথিত ‘মসিহে মওউদ’ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। 
তিনি স্পষ্ট করেন, ঈসা (আ:) আবার পৃথিবীতে শেষ নবীর উম্মত হিসেবেই আগমন করবেন, নতুন কোনো নবী হিসেবে নয়। মুসলিম পরিচয়ের আড়ালে তাদের প্রশিক্ষণ ও প্রচারণামূলক কার্যক্রম রুখে দিতে সর্বস্তরের মুসলিমদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি ঘোষণা দেন, সংসদ থেকে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার সুনির্দিষ্ট আইন পাস না হওয়া পর্যন্ত রাজপথের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক সংগ্রাম অবিরত চলবে।
কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমীর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মুফতি হারুন ইজহার, মুফতি মাসউদুল করীম ও শায়েখ আহমাদ বিন ইউসুফ আল আজহারীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও সর্বস্তরের শীর্ষ দায়িত্বশীলগণ। বক্তারা খতমে নবুওয়তের ঈমানি আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।