কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, হাজতির মৃত্যু, শাহিন আলম, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢামেক, হাজতি
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ শাহিন আলম (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শাহিন আলম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার টেকপাড়া এলাকার মো: বশির উদ্দিনের ছেলে।

কারারক্ষী আমিরুল ইসলাম জানান, কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানান, শাহিন আলম কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ২৮২১০/২৬। তবে তিনি কী মামলায় কারাবন্দি ছিলেন তা জানাতে পারেননি তিনি। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।