গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন না হলে ফারাক্কা অভিমুখে লংমার্চের তাগিদ
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফারাক্কা লংমার্চের আলোকচিত্র প্রদর্শনী থেকে এ আহ্বান জানানো হয়। নয়া দিগন্ত

আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। চুক্তি নবায়ন না হলে মওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চের আদলে আবারো ফারাক্কা অভিমুখে লংমার্চ করতে রাজনৈতিক সংগঠনকে তাগিদ জানিয়েছে দলটি।

Advertisement

বুধবার রাজধানীর পুরানা পল্টনে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফারাক্কা লংমার্চের আলোকচিত্র প্রদর্শনী থেকে এ আহ্বান জানানো হয়।

প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ছয় মাস আগে তিনি ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চের নেতৃত্ব দেন। তার এই কর্মসূচি ছিল পানি আগ্রাসনের বিরুদ্ধে এ দেশের মানুষের সম্মিলিত প্রতিবাদ।

তিনি আরো বলেন, মওলানা ভাসানীর পানি আগ্রাসন বিরোধী এ কর্মসূচির স্মরণে আলোকচিত্র প্রদর্শনীর গুরুত্ব অপরিসীম। এই প্রদর্শনী শুধু অতীতের স্মরণ নয়। এটি নতুন প্রজন্মকে  ঐতিহাসিক আন্দোলনের সাথে পরিচয় করিয়ে দেবে এবং দেশের পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামের চেতনাকে জাগ্রত রাখবে।

গঙ্গা পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে খোমেনী ইহসান বলেন, কৃষি, পরিবেশ ও কোটি মানুষের জীবনজীবিকার স্বার্থে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তা নবায়ন করতে হবে। শুষ্ক মৌসুমে গঙ্গার পানিপ্রবাহ কমে গেলে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, নদীব্যবস্থা ও জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকিতে পড়ে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এটি কোনো দয়া বা অনুগ্রহের বিষয় নয়, এটি আমাদের ন্যায্য অধিকার। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি নবায়ন করা না হলে মওলানা ভাসানীর পথ অনুসরণ করে আবারো ফারাক্কা অভিমুখে লংমার্চ করা হবে। আমরা দেশপ্রেমিক সব সামাজিক-রাজনৈতিক সংগঠনকে এ লংমার্চ বাস্তবায়নের আহ্বান জানাই।

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আবদুস সালাম ও গালীব ইহসান, সদস্য সাইদুল ইসলাম, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ এবং সহকারী সদস্য সচিব মো: আরিফুল ইসলামসহ অন্যরা।

উল্লেখ্য, মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় বিপ্লবী পরিষদ ১৭ থেকে ১৯ নভেম্বর তিন দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করে। এর প্রথম দিন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলে পর আজ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।