
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ভাটারা থানার ডিউটি অফিসার (এসআই) ইয়াউর রহমান একটি সংবাদমাধ্যমকে বলেন, রুহুল আমিন নামের একজনকে ভাটারা থানায় মাত্রই আনা হয়েছে। তিনি বায়তুল মোকারমের খতিব কি না, তা বলতে পারছি না। এখনো বিস্তারিত কিছু বলতে পারছি না।
আরো পড়ুন : ঢাকায় আশ্রয় নেয়া আ’লীগ নেতাকর্মীদের জন্য দুঃসংবাদ
তিনি বলেন, তাকে কিভাবে আটক করা হয়েছে, তার নামে কী মামলা আছে, তা জানতে একটু সময় লাগবে।
গোয়েন্দা সূত্র দাবি করেছে, আলেমসমাজকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন মুফতি রুহুল আমিন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ সেপ্টেম্বর গোপালগঞ্জ থেকে লোক এনে জাতীয় মসজিদে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করিয়েছিলেন তিনি। এ ঘটনায় হওয়া মামলাসহ অন্তত তিনটি মামলার আসামি তিনি।
জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার এক শিক্ষক বলেন, ‘বড় হুজুরকে আটকের খবর শুনেছি। তার নামে তার বড় ভাইয়ের মেয়ের জামাতা জমিসংক্রান্ত মামলা করেছিলেন। ওই লোক খুব দুষ্কৃতিকারী। সামাজিকভাবে তার সাথে মীমাংসা করতে চাওয়া হলেও তিনি এগিয়ে আসেননি।’
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে সমালোচিত হয়েছিলেন মুফতি রুহুল আমিন। বায়তুল মোকাররমের খতিবের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামে। তার বাবা দেশের প্রখ্যাত আলেম শামসুল হক ফরিদপুরী রহ:। মুফতি রুহুল আমিনে জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার পরিচালক। ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বায়তুল মোকাররমের খতিব ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








