
সাবেক শিক্ষামন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পরিপ্রেক্ষিতে আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগপত্র গ্রহণ ও সাংবিধানিক প্রক্রিয়া
স্পিকার জানান, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখ থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র ই-মেইলের মাধ্যমে স্পিকার বরাবর পাঠান। স্পিকার ১৫ নভেম্বর ২০২৬ তারিখে পদত্যাগপত্রটি হাতে পান এবং তা বিধিসম্মত হওয়ায় গ্রহণ করেন।
সংসদে স্পিকার বলেন, ‘সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী স্পিকার পদত্যাগপত্র প্রাপ্ত হওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হয়। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ থেকেই কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করা হলো।’
পদত্যাগের নেপথ্য ও বর্তমান অবস্থান
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুক বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকারের মন্ত্রিসভা গঠনের আলোচনায় তার নাম থাকলেও শেষ পর্যন্ত মন্ত্রিসভা কিংবা অন্য কোনো দায়িত্বে এই প্রবীণ নেতার ঠাঁই হয়নি। এ নিয়ে তার মধ্যে কিছুটা ক্ষোভ ছিল বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। নির্বাচনে ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেহাদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছিলেন ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট।
সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত ও রাজনৈতিক পথচলা
১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন ড. ওসমান ফারুক। তার বাবা ড. মুহাম্মদ ওসমান গণি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) ছিলেন।
যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর ড. ওসমান ফারুক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং পরবর্তীতে দীর্ঘদিন বিশ্বব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন। বিশ্বব্যাংক থেকে অবসরের পরপরই ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং তৎকালীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হলে একপর্যায়ে তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি পুনরায় দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








