
বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর কারণ প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষ হওয়ার পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে যোগ দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সব বিষয় জেনে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ সংঘটনের পর সরকার সফলভাবে সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেফতার করছে, তদন্ত পরিচালনা করছে এবং বিচার নিশ্চিত করছে। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে বলেও স্বীকার করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো দাবি করেন, বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বোমা হামলা কিংবা হেফাজতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
এর আগে, একই দিনে নৌ পুলিশ জানায়, ঢাকার তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধার করা হয়েছে।
নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, লাশের সাথে একটি মোবাইল ফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে।
ফিরোজ উদ্দিন জানান, লাশে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন ছিল না। মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া উত্তরখান থানার ডিউটি অফিসার শাহিনুর জামান জানান, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদী থেকে লাশটি উদ্ধার করেন। বিষয়টি নৌ পুলিশের আওতাধীন হওয়ায় তাদের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশটি নিয়ে গেছেন।
নৌ পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারের সময় তাহসিফ সাউরির পরনে ছিল সাদা পায়জামা ও কালো শার্ট। তার হাতে একটি হাতঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া গেছে।
সূত্র : ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








