লুৎফুজ্জামান আলিফ ফকির, জামায়াতে ইসলামী, এহসানুল মাহবুব জুবায়ের, সাংবাদিক হত্যা, সাংবাদিক হত্যার বিচার, হত্যাকাণ্ডের তদন্ত, সাংবাদিকদের নিরাপত্তা
বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Advertisement

শুক্রবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দুর্গাপুর উপজেলায় কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে দোকানে বসে থাকা সাংবাদিক বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত গুলি করে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জুবায়ের বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির কারণে এমন হত্যাকাণ্ড প্রায়ই ঘটছে এবং নাগরিকেরা ভয়াবহ নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিক লুৎফুজ্জামানের হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তা প্রতীয়মান।

বিবৃতিতে তিনি আরো বলেন, লুৎফুজ্জামানের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নেয়ার আহবান জানাচ্ছি। আমি নিহতের মাগফিরাত কামনা, পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করছি।