
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩৯৭ দশমিক সাত গ্রাম (প্রায় ৩৬ ভরি) স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
কারাগারে যাওয়া আসামিরা হলেন রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো: জলিল (৪৬)।
দুই দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপোন হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবু বক্কর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৭ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৪ সেপ্টেম্বর দুপুর ২টা ৫০ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় তিনজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন তাদের আটক করে। পরে আটক হওয়া ব্যক্তিদের দেহ তল্লাশি করে ২২ ক্যারেটের সর্বমোট ৩৯৭ দশমিক ৭ গ্রাম (প্রায় ৩৬ ভরি) স্বর্ণালঙ্কার, আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








