
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকা থেকে উদ্ধার করা এক হাজার ৩৭৭ বস্তা সরকারি ও রাসায়নিক সার নিরাপদ সংরক্ষণের জন্য ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদে স্থানান্তর করা হচ্ছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জব্দকৃত এই সারগুলো নিরাপদ হেফাজতে সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হয়।
কৃষি বিভাগ ও প্রশাসন সূত্রে জানা গেছে, সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি ও অবৈধভাবে মজুদের অভিযোগে গত বৃহস্পতিবার হাটবোয়ালিয়ার নগরবোয়ালিয়া মাঠপাড়া এলাকায় দিনভর অভিযান পরিচালনা করে প্রশাসন। উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাসুদ হোসেন পলাশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং পুলিশ প্রশাসনের যৌথ ওই অভিযানে হুসাইন ট্রেডার্সের বিভিন্ন গোডাউন, বসতবাড়ি, গোয়ালঘর ও বিচালী গাদার নিচ থেকে লুকিয়ে রাখা অবস্থায় এক হাজার ৩৭৭ বস্তা সার জব্দ করা হয়।
উদ্ধারকৃত সারগুলো যাতে কোনোভাবেই নষ্ট বা ক্ষতিগ্রস্ত না হয় এবং পরবর্তীতে প্রকৃত কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে ও ন্যায্যমূল্যে বিতরণ নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই এগুলো ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের জিম্মায় স্থানান্তর করা হচ্ছে।
কৃষি কর্মকর্তা মো: মাসুদ হোসেন পলাশ জানিয়েছেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজার স্থিতিশীল রাখতে অবৈধ মজুদদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








