
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া ইয়াসিন আরাফাত (২২) নামে এক কয়েদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ইয়াসিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, রাত সাড়ে ৯টার দিকে কারাগারের ভেতরে হঠাৎ ইয়াসিন আরাফাত অসুস্থ হয়ে পড়েন।
ইয়াসিন আরাফাত গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তার কোনাবাড়ী এলাকার বাসিন্দা মোহাম্মদ মইজুলের ছেলে।
ইয়াসিনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী জসীম উদ্দীন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইয়াসিন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়াসিনের কয়েদি নম্বর ৬৬/৩/এ। তবে তিনি কোন মামলার আসামি ছিলেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াসিনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








