রবীন্দ্রনাথ, দেয়ালচিত্র, কারাগার
আল নূর মোহাম্মদ আয়াস। ইন্টারনেট

শিল্পকলা একাডেমির সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র মোছার চেষ্টার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াসসহ দু’জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অপর আসামি হলেন মারজিয়া খন্দকার রিমি।

Advertisement

রিমান্ড শেষে আজ বুধবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসান তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১১ অক্টোবর আয়াসের তিন দিন এবং মারজিয়া খন্দকার রিমির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম।

এর আগে, ১০ অক্টোবর শিল্পকলা একাডেমির সামনের প্রাচীরে রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র মোছার চেষ্টা করেন একদল তরুণ। এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ঘটনাস্থলে এক নারীকে রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি দিতে দেখা যায়। সে সময় এক পুলিশ সদস্য তাকে বাধা দেন।

এ ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে শাহবাগ থানার এসআই জিয়াউল হক মামলা দায়ের করেন। 

সূত্র : বাসস