বাংলাদেশ ফুটবল, সাফ চ্যাম্পিয়নশিপ
গ্রুপসেরা হতে পারলে শেষ চারের লড়াইয়ের আগে দল বাড়তি আত্মবিশ্বাস পাবে। সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে উজ্জীবিত বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে জয়ের মাধ্যমে গ্রুপ পর্ব শেষ করার পাশাপাশি গ্রুপসেরা হওয়ার লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের।

Advertisement

ম্যাচটি রাত ৮টায় শুরু হবে। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। এর আগে বিকেল সাড়ে ৩টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও মালদ্বীপ।

গত রোববার গ্রুপ ‘এ’তে শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলের ড্রয়ের পরই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বদলি ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়ে আসর শুরু করে লাল-সবুজের দল।

এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা। ড্র করলেও গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে পারবে স্বাগতিকরা। আর জয় পেলে নকআউট পর্বের আগে দলের আত্মবিশ্বাস আরো বাড়বে।

সেমিফাইনাল নিশ্চিত হলেও পুরো উদ্যম নিয়েই ম্যাচে নামতে চায় বাংলাদেশ। গ্রুপসেরা হতে পারলে শেষ চারের লড়াইয়ের আগে দল বাড়তি আত্মবিশ্বাস পাবে।

গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের যোগ দেয়ায় নিজেদের সমন্বয় আরো ঝালিয়ে নেয়ার সুযোগও পাচ্ছে বাংলাদেশ। ইংল্যান্ডে ক্লাবের দায়িত্ব শেষ করে দলের সাথে যোগ দিয়েছেন তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও দলে যোগ দিয়েছেন। এতে আক্রমণভাগের শক্তি আরো বেড়েছে।

তবে শ্রীলঙ্কাকে সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে নিজেদের আক্রমণাত্মক সামর্থ্যরে প্রমাণ দিয়েছে তারা। ওই ম্যাচে গোল করেন অলিভার জেমস ও আহমেদ ওয়াসিম রাজেক। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে রক্ষণ ও আক্রমণ—দুই বিভাগেই শৃঙ্খলা বজায় রাখতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশের প্রধান কোচ টমাস ডুলি চাইবেন খেলোয়াড়দের আক্রমণভাগের সমন্বয়ে আরো উন্নতি আসুক এবং গোলের সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে তারা আরো নিখুঁত হোক। বিশেষ করে উদ্বোধনী ম্যাচে অল্প ব্যবধানে জয়ের পর এ বিষয়গুলোতে উন্নতির প্রত্যাশা থাকবে তার।

ঘরের মাঠে দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর লক্ষ্যে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।

সর্বশেষ ২০০৩ সালে আঞ্চলিক এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর সেমিফাইনালে খেলবে তারা। গ্রুপ ‘বি’-র ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে বাংলাদেশের প্রতিপক্ষ।