
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে পেসার নাহিদ রানা দলে থাকলে বোলিং আক্রমণ সাজানোর ক্ষেত্রে আরো বিকল্প পাওয়া যেত বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ঘরের মাঠে স্পিন সহায়ক কন্ডিশনের কথা বিবেচনা করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টেই দুজন পেসার ও তিনজন স্পিনার নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে সিরিজে হারের মুখ দেখতে হয় স্বাগতিকদের। ক্যারিবীয় স্পিনারদের তুলনায় প্রত্যাশিত প্রভাব রাখতে পারেননি বাংলাদেশের স্পিনাররা।
শান্ত জানান, প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বিবেচনা করেই একাদশের সমন্বয় নির্ধারণ করেছিল দল। তবে চোটের কারণে নাহিদ রানা না থাকায় বিকল্প কমে গিয়েছিল বলে স্বীকার করেন তিনি।
শান্ত বলেন, ‘রানা থাকলে আমরা কখনো কখনো ভিন্ন পরিকল্পনা নিয়ে এগোতে পারতাম। পুরোনো বলে বিভিন্ন কৌশল অবলম্বনের সুযোগ থাকে। রানার উপস্থিতি আমাদের আরো কিছু বিকল্প দিত।’
এর আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ ও ডারউইনে টেস্টে তিন পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। অন্যদিকে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিল দুজন পেসার নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন স্পিনার খেলানোর সিদ্ধান্ত ছিল ঘরের মাঠের কন্ডিশন কাজে লাগানোর কৌশলের অংশ।
তবে বিশেষ করে সিলেটে দ্বিতীয় টেস্টে প্রত্যাশিত কন্ডিশন না পাওয়ার কথা জানিয়েছেন শান্ত। এখানে শেষ দুই দিনেও উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল।
শান্ত বলেন, ‘আমরা স্পিন সহায়ক উইকেটে খেলার পরিকল্পনা করেছিলাম। দুই ম্যাচের দিকে তাকালে দেখা যাবে, আমরা তিনজন স্পিনার ও দুজন পেসার নিয়ে খেলেছি। কন্ডিশনের কারণে প্রথম টেস্টে হেরেছি বলে মনে করি না। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই আমরা ব্যর্থ হয়েছি। সিলেটে আমরা ঠিক যে ধরনের কন্ডিশন চেয়েছিলাম বা প্রত্যাশা করেছিলাম, তা পাইনি। এ ক্ষেত্রে পরিকল্পনায় আমরা কিছুটা পিছিয়ে ছিলাম।’
সিলেটের উইকেটে ম্যাচের শুরু থেকেই স্পিনাররা সহায়তা পাবেন বলে প্রত্যাশা করেছিল বাংলাদেশ। উইকেট যে এতটা ব্যাটিং সহায়ক থাকবে, তা জানা থাকলে অতিরিক্ত একজন পেসার খেলানোর কথা বিবেচনা করা যেত বলে জানান অধিনায়ক, ‘এটি আমাদের চাওয়া অনুযায়ী উইকেট ছিল না। আগে থেকে জানলে হয়তো আরো একজন পেসার খেলাতাম। আমরা আশা করেছিলাম, অনেক আগেই স্পিন কার্যকর হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি।’
ভবিষ্যতে ঘরের মাঠের সিরিজে নিজেদের শক্তির সাথে মানানসই উইকেট তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আরো ভালো সমন্বয় প্রয়োজন বলেও মনে করেন অধিনায়ক।
তিনি বলেন, ‘কিভাবে নিজেদের অনুকূলে কন্ডিশন তৈরি করা যায় এবং সে অনুযায়ী যথাযথ পরিকল্পনা করা যায়, তা নিয়ে আমাদের আরো সতর্কভাবে আলোচনা করতে হবে।’
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের জন্য এই সিরিজটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নিজেদের সামর্থ্যরে ধারেকাছেও ক্রিকেট খেলতে পারেনি দল, এ কথা স্বীকার করেছেন শান্ত।
তিনি বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলিনি। বিষয়টি মেনে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, এই সংস্করণে আমরা যেভাবে খেলছিলাম, তার ৫০ শতাংশও খেলতে পারিনি। আমাদের পরিকল্পনা আরো ভালো হলে ফল ভিন্ন হতে পারত।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








