
রাজধানীর উত্তরায় নিজের রেস্টুরেন্ট ভাঙচুর, কর্মচারীদের মারধরের হুমকি এবং প্রকাশ্যে প্রাণনাশের অভিযোগ এনে সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নাসরীন জাহান নাজ নামের একজন নারী উদ্যোক্তা।
আজ মঙ্গলবার দুপুর ১টায় উত্তরার ১০ নম্বর সেক্টরের এক বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময়ে তিনি নিজের ও তিন সন্তানের জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আকুল আবেদন জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসরীন জাহান জানান, গত ১১ সেপ্টেম্বর তার সাবেক স্বামী আবু সাঈদ মোহাম্মদ হায়দার (৫৩) পূর্বপরিকল্পিতভাবে তাকে মালয়েশিয়ায় মেয়ের সাথে দেখা করতে পাঠান। সেখানে যাওয়ার পর তাকে না জানিয়েই তালাকের নোটিশ পাঠানো হয়। এ ছাড়াও মালয়েশিয়া থেকে দেশে ফিরলে তাকে এবং তার কন্যা সন্তানকে সাবেক স্বামী তার বাসায় ঢুকতে দেননি এবং তার পাসপোর্ট ও গাড়ি আটকে রাখেন।
কয়েক কোটি টাকার রেস্টুরেন্ট ভাঙচুরের অভিযোগ এনে তিনি বলেন, নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই নারী উদ্যোক্তা দিয়াবাড়ির তুরাগ থানাধীন ১৭ নম্বর সেক্টরে একটি রেস্টুরেন্ট গড়ে তুলেছিলেন। রেস্টুরেন্টটি মোট নয় কাঠা জমির ওপর নির্মিত ছিল, যার মধ্যে ছয় কাঠা জমি তার স্বামীর কাছ থেকে লিখিত চুক্তির মাধ্যমে ভাড়া নিয়েছিলেন এবং বাকি তিন কাঠা তার নিজের কেনা ছিল। রেস্টুরেন্টটিতে তিনি প্রায় কয়েক কোটি টাকা বিনিয়োগ করেছিলেন এবং লভ্যাংশের ৫০ শতাংশ সাবেক স্বামীকে ব্যাংকের মাধ্যমে প্রদান করতেন। কিন্তু কোনো প্রকার লিখিত নোটিশ ছাড়াই গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ভেকু (এক্সকাভেটর) দিয়ে তার তিল তিল করে গড়া রেস্টুরেন্টটি গুঁড়িয়ে দেয়া হয় এবং রেস্টুরেন্টের ইট-বালু পর্যন্ত বিক্রি করে দেয়া হয়।
নাসরীন জাহান অভিযোগ করেন, বিচ্ছেদের পর থেকেই সাবেক স্বামী তাকে প্রতিনিয়ত নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত ১৪ অক্টোবর সকাল আনুমানিক ১০টার দিকে প্রকাশ্যে তাকে ও তার রেস্টুরেন্টের কর্মচারীদের মেরে ফেলার হুমকি দেয়া হয়।
বর্তমানে তিনি রাস্তায় বের হলে বাইক দিয়ে তাকে ধাওয়া করা হয় এবং অনুসরণ করে ছবি তোলা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে তাকে আপস করার জন্যও চাপ দেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
চরম নিরাপত্তাহীনতায় ভুগে নাসরীন জাহান বলেন, তিনি গত ১৫ অক্টোবর তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১০৬১) দায়ের করেছেন। সংবাদ সম্মেলনের ব্যানারে তিনি প্রধানমন্ত্রীর কাছে বিনীত আবেদন জানিয়ে বলেন, ‘আমার জীবনের নিরাপত্তা দিন, অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার চাই’। একজন নারী হিসেবে স্বাধীনভাবে বেঁচে থাকার ও ব্যবসা করার অধিকার দাবি করে তিনি রাষ্ট্র ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি জানিয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








