
রাজধানীর কদমতলীতে মদ পান করে অসুস্থ হয়ে মোহাম্মদ রনি হোসেন (৩৭) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রনি হোসেন কদমতলীর ধোলাইপাড় বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেনের ছেলে। দুই বছর আগে লাইজু নামের এক তরুণীর সাথে তার বিয়ে হয় এবং চলতি মাসেই তাদের প্রথম সন্তানের জন্মের কথা ছিল বলে জানা গেছে।
রনিকে হাসপাতালে নিয়ে আসা তার ভাই রবিউল্লা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার ভাই একটি বিয়ের অনুষ্ঠানে যান। সেখানে তিনি প্রচুর পরিমাণে মদ পান করেন। এরপর থেকে দুই দিন বাসায় অসুস্থ অবস্থায় ছিলেন। শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। সকাল থেকেই তিনি বলছিলেন, তার ভালো লাগছে না। পরে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট বোন রানু আক্তার বলেন, ‘আমার ভাই তার প্রথম সন্তানের মুখ দেখার আগেই দুনিয়া থেকে চলে গেলেন। এই মাসেই আমার ভাই-ভাবির প্রথম সন্তান পৃথিবীতে আসবে। কী জীবন, হায়রে! নিজের সন্তানের মুখটাও দেখতে পেলেন না। এমন জীবন যেন কারো না হয়।’
তিনি আরো বলেন, ‘আমার বাবা-মা নেই। আমার ভাই আর আমি ছিলাম। ভাইকে হারিয়ে আমি একা হয়ে গেলাম।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








