শিশু, অপহরণ, অপহরণকারী, আনসার
অপহরণ করা শিশুসহ অপহরণকারীকে আটক করেছে বাংলাদেশ আনসার। সংগৃহীত

রাজধানীতে সচিবালয় মেট্রোরেল স্টেশন থেকে এক শিশু অপহরণকারীকে আটক করেছে আনসার সদস্যরা। উদ্ধার করা হয়েছে নয় মাস বয়সী শিশুকে। 

Advertisement

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। 

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয় মেট্রোরেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে কর্তব্যরত আনসার সদস্য মো: শাহিন মিয়া লক্ষ্য করেন, এক ব্যক্তি নয় মাস বয়সী এক ক্রন্দনরত শিশুকে নিয়ে সন্দেহজনকভাবে তড়িঘড়ি করে প্ল্যাটফর্মে নামছেন।

শিশুর অবিরত কান্না দেখে শাহিন মিয়াসহ উপস্থিত যাত্রীদের মনে সন্দেহ গভীর হয়। শাহিন মিয়াসহ উপস্থিত যাত্রীরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। একপর্যায়ে তিনি স্টেশন থেকে নিচে নেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরিস্থিতি বেগতিক দেখে আনসার সদস্য শাহিন মিয়া তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাহসিকতার সাথে রানা (৪০) নামের অপহরণকারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। তার এই দ্রুত পদক্ষেপের কারণে একটি নিষ্পাপ শিশু উদ্ধার হয়। 

পরে আইনি প্রক্রিয়া ও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তিকে উদ্ধারকৃত শিশুসহ এমআরটি পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনসার সদস্যদের উপস্থিতিতে পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রানা শিশুটিকে ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে চুরি করে আনার কথা স্বীকার করেছে। ছোট্ট শিশুটির অভিভাবককে খুঁজে বের করে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।