
রাজধানীর শাহবাগে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেফতার ছয়জনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডকৃতরা হলেন জুয়েল মৃধা (৩৮), মো: রমিজ তালুকদার (৪৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), মো: রহমান হাওলাদার (৫৬), মো: বিল্লাল (৫২) ও মো: মারুফ (৩৮)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জোনাইদ তাদের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির মিরপুর বিভাগের একটি দল জানতে পারে, কয়েকজন দুষ্কৃতকারী শাহবাগ থানাধীন বাংলাদেশ বার কাউন্সিলের বিপরীত পাশের ফুটপাথে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তারা। এ সময় ছয়জনকে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে একটি খেলনা পিস্তল, তিন দশমিক দুই ইঞ্চি দৈর্ঘ্যের একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি কালো রঙের খেলনা ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ এবং ‘ডিবি’ লেখা তিনটি জ্যাকেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। বাসস







