বাংলাদেশের পেসার ইবাদত হোসেন
বাংলাদেশের পেসার ইবাদত হোসেন। ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে চলমান প্রথম টেস্টে আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের পেসার ইবাদত হোসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ইবাদত খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী ব্যক্তিদের জন্য আইসিসির আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গ করেছেন। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে বা তার কাছাকাছি অনুপযুক্ত ও বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার বিষয়টি উল্লেখ রয়েছে।

ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি ইবাদতের শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। ২৪ মাসের মধ্যে এটি তার প্রথম অপরাধ।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ১৭তম ওভারে ঘটনাটি ঘটে। ক্রিজে ব্যাটার নিরাপদ অবস্থানে ফিরে যাওয়ার পরও ইবাদত তার দিকে বিপজ্জনক ও অযথাই বল ছুড়ে মারেন।

ইবাদত নিজের অপরাধ স্বীকার করে নেন এবং আইসিসির এলিট প্যানেলভুক্ত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।