
২০১৮ সালের বল টেম্পারিংয়ের ঘটনা অস্ট্রেলিয়া দলের সবাই জানত বলে দাবি করেছেন ক্যামেরন ব্যানক্রফট। বুধবার তিনি বলেন, পুরো দলই এ বিষয়ে অবগত ছিল। তার এই বক্তব্য বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের দাবির সরাসরি বিরোধী।
বিশ্ব ক্রিকেটে আলোড়ন তোলা ওই কেলেঙ্কারির অন্যতম কেন্দ্রীয় চরিত্র ব্যানক্রফটের বিস্ফোরক এই দাবি আসে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিত ওই ঘটনার তদন্ত নতুন করে না খোলার সিদ্ধান্ত জানানোর কয়েক ঘণ্টা পর।
আরো পড়ুন : ঢাকায় আশ্রয় নেয়া আ’লীগ নেতাকর্মীদের জন্য দুঃসংবাদ
এর পরিবর্তে সিএ জানিয়েছে, এক সপ্তাহের বেশি সময় ধরে চলা অভিযোগ-পাল্টা অভিযোগের পর খেলোয়াড়দের নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে একটি স্বাধীন ফোরাম গঠন করা হবে। সংস্থাটির ভাষায়, এটি হবে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটি ‘ব্রেকার’।
আট বছর আগে কেপটাউনে টেস্ট ম্যাচ চলাকালে বল ঘষতে স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন ব্যানক্রফট। এত দিন নীরব থাকার পর বুধবার ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকায় লেখা এক কলামে মুখ খুলেছেন তিনি।
আরো পড়ুন : বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর প্রচার, যা বলল বিএনপি
ব্যানক্রফট বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় বলের ওপর আমার স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি শুধু আমরা তিনজন- স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও আমি জানতাম, এমন নয়। পুরো দলই জানত।’
তিনি আরো বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের সময় আমাকে জিজ্ঞাসাবাদ করা হলে আমি পুরোপুরি ও সত্যনিষ্ঠভাবে সবকিছু বলিনি।
‘আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করেছিলাম। এর মধ্যে ছিল স্যান্ডপেপার ব্যবহারের শুরুর সময়, কত দিন ধরে এটি চলেছিল এবং অন্যদের সম্পৃক্ততা ও এ বিষয়ে তাদের জানাশোনার বিষয়টি।
‘ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তকে সুরক্ষা দিতে এবং আমার আশপাশের অন্যদের জড়িয়ে না ফেলতেই আমি এমনটি করেছিলাম।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে বলা হয়েছিল, তৃতীয় টেস্টে বলের এক পাশ খসখসে করে রিভার্স সুইং আদায়ের জন্য স্যান্ডপেপার ব্যবহারের দায় শুধু তৎকালীন অধিনায়ক স্মিথ, সহ-অধিনায়ক ওয়ার্নার ও ব্যানক্রফটের। ওই ঘটনায় তিনজনকেই লজ্জাজনকভাবে দেশে ফেরত পাঠানো হয় এবং নিষিদ্ধ করা হয়।
গত সপ্তাহে নিজের আত্মজীবনীতে একই অভিযোগ তুলে বিষয়টি নতুন করে আলোচনায় আনেন অবসর নেয়া উসমান খাজা। তার দাবি ছিল, পুরো দলই এ বিষয়ে জানত। খাজার ঘনিষ্ঠ বন্ধু ওয়ার্নারও তার বক্তব্যকে জোরালোভাবে সমর্থন করেন।
তবে শুক্রবার দীর্ঘ সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, খাজার বক্তব্য ‘১০০ শতাংশ ভুল’। তিনি একে ‘সম্পূর্ণ ও চরম অর্থহীন’ বলেও মন্তব্য করেন।
২০২১ সালে এক সাক্ষাৎকারে ব্যানক্রফট ইঙ্গিত দিয়েছিলেন, কামিন্সসহ বোলিং গ্রুপের সদস্যরা এই পরিকল্পনার কথা জানতেন।
এর জবাবে কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন প্রকাশ্যে বলেছিলেন, তারা এ পরিকল্পনার বিষয়ে কিছুই জানতেন না।
খাজা তার বইয়ে বিষয়টি প্রকাশ করার পর এবং কামিন্স নতুন করে জোরালো অস্বীকৃতি জানানোর পরই মুখ খুলতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ব্যানক্রফট।
খাজার বই সম্পর্কে ব্যানক্রফট বলেন, ‘ব্যক্তিগতভাবে সত্য ঘটনাক্রম অবশেষে সামনে আসতে দেখে স্বস্তি পেয়েছি। এত বছর ধরে যে বোঝা বয়ে বেড়াচ্ছিলাম, তা যেন কিছুটা লাঘব হয়েছে।’
তিনি আরো বলেন, ‘তবে নিজের বক্তব্য লিখে প্রকাশ করার ক্ষেত্রে শেষ পর্যন্ত আমাকে বাধ্য করেছে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্সের সংবাদ সম্মেলন। এতে আমি ক্ষুব্ধ, বিশ্বাসভঙ্গের শিকার ও একাকী বোধ করেছি ‘
‘দক্ষিণ আফ্রিকা সফরে শুধু কামিন্স নয়, দলের অন্য সবার সাথে যা দেখেছি, অভিজ্ঞতা হয়েছে এবং নিজের মধ্যে ধারণ করেছি, সংবাদ সম্মেলনে তিনি কিংবা এর আগের বছরগুলোতে এ বিষয়ে প্রকাশ্যে যা বলেছেন, তার সাথে তার কোনো মিল নেই।’
কামিন্সের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবার ব্যানক্রফটের নতুন দাবি প্রকাশের আগেই সংস্থাটি বলেছিল, ‘তদন্ত শেষ হয়েছে’ এবং তা নতুন করে শুরু করা হবে না।
এর পরিবর্তে খেলোয়াড়দের নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে একটি ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে তারা। সাবেক কোনো বিচারপতি এই ফোরামের নেতৃত্ব দিতে পারেন।
তবে এই ফোরামের মাধ্যমে নতুন করে কোনো শাস্তি দেয়া হবে না। পাশাপাশি ফোরামে কী আলোচনা হবে, তা প্রকাশ্যে আনার বিষয়েও কোনো প্রতিশ্রুতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।
সংস্থাটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন বলেন, ‘আমরা মনে করি, এবার পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটি পথ তৈরি করার সময় হয়েছে। অতীতের বিচার নতুন করে করা এর উদ্দেশ্য নয়। বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ করে দেয়াই এর লক্ষ্য।’
ব্যানক্রফটের মুখ খোলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, ‘ক্যামেরন ব্যানক্রফট নিজের গল্প তুলে ধরেছেন, আমরা সেটিকে সম্মান করি এবং তার মন্তব্যগুলো বিবেচনা করার জন্য সময় নেব।’
‘আমরা মনে করি, ২০১৮ সালের ঘটনাগুলোর বিভিন্ন দিক থাকতে পারে। এ কারণেই সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে ফোরাম গঠন করা হয়েছে।’
ওয়ার্নার ও খাজা দুজনই এই ফোরাম গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে সত্য উদ্ঘাটনে এটি খুব বেশি কার্যকর হবে না বলেও তারা মনে করেন।
খাজা বলেন, ‘আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কোন তথ্য প্রকাশ করা হবে, সেই সিদ্ধান্ত বোর্ডই নেবে। মানুষ কী বলেছে, তা প্রকাশের চেষ্টা করার এটি কিভাবে কার্যকর পদ্ধতি হতে পারে?’
‘আমি সেখানে গিয়ে কিছু বলতে পারি, কিন্তু বোর্ড সিদ্ধান্ত নিতে পারে যে তারা সেটি প্রকাশ করবে না।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








