শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পথে পাকিস্তান
পাকিস্তানি পেসারদের তোপের মুখে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। ক্রিকইনফো

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে ৩ উইকেটে আটকে দিয়ে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে পাকিস্তান। বুধবার দিনের খেলা শেষে স্বাগতিকদের চেয়ে এখনো ১৫০ রানের বেশি পিছিয়ে রয়েছে সফরকারীরা।

Advertisement

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পাকিস্তান প্রথম ইনিংসে ৩২৫ রান করার পর শ্রীলঙ্কাকে চাপে ফেলেন স্বাগতিক দলের পেসাররা। সাকিব খান, আমের জামাল ও রাজাউল্লাহ একটি করে উইকেট নেন।

এর আগে মঙ্গলবার স্বাগতিক পেসারদের তোপে মাত্র ৯৮ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংসে ২২৭ রানের বড় লিড পায় পাকিস্তান।

দিনের খেলা শেষে শ্রীলঙ্কার হয়ে ক্রিজে ছিলেন ধনঞ্জয়া ডি সিলভা ও পাসিন্দু সুরিয়াবান্দারা। তাদের সংগ্রহ যথাক্রমে ২৪ ও ১৮ রান। ইনিংস ব্যবধানে হার এড়াতে শ্রীলঙ্কার এখনো ১৫৩ রান প্রয়োজন।

চতুর্থ ওভারে লাহিরু উদারাকে ৭ রানে ফিরিয়ে শ্রীলঙ্কাকে প্রথম ধাক্কা দেন সাকিব। এরপর অভিজ্ঞ দিনেশ চান্দিমালকে কোনো রান করার আগেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন রাজাউল্লাহ।

জামালের বলে স্লিপে ক্যাচ দিয়ে কামিন্দু মেন্ডিস (১৬) ফিরলে ৩৯ রানে তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা।

এর আগে দিনের শুরুতে ১২১ রানে ৩ উইকেট নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান। লাহিরু কুমারা ৯৫ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টেস্টে পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব দেখান। পাকিস্তান আগের দিনের সংগ্রহের সাথে আরো ২০৪ রান যোগ করে অল আউট হয়।

আগের দিনের ৪৭ রানের সাথে কোনো রান যোগ না করেই তৃতীয় ওভারে কুমারার বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন আজান আওয়াইস।

এরপর পরপর দুই ওভারে সৌদ শাকিলকে ২৪ এবং নাইটওয়াচম্যান সাকিবকে ৩৭ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন কুমারা।

আসিথা ফার্নান্দোর বলে সালমান আগা ২১ রানে ফিরলে সকালের সেশনে চার উইকেট হারায় পাকিস্তান। এ সময় লিডে আরো ১০০ রান যোগ করে স্বাগতিকরা।

১৯৩ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তানকে লড়াইয়ে ফেরান উইকেটরক্ষক-ব্যাটার গাজী ঘোরি। ইনিংসের সর্বোচ্চ ৫৪ রান করেন তিনি।

জামালের সাথে অষ্টম উইকেটে ৪২ রানের মূল্যবান জুটি গড়েন গাজী। জামালের অবদান ১২ রান।

২৬১ রানে ৮ উইকেট হারানোর পর পাকিস্তানের ইনিংস দ্রুত শেষ করার আশা জাগে শ্রীলঙ্কার। তবে গাজী ও রাজাউল্লাহর ৫৬ রানের জুটিতে সেই আশা ভেস্তে যায়। দ্বিতীয় নতুন বলের বিপক্ষেও আত্মবিশ্বাসের সাথে ব্যাট করেন তারা।

৩২ বলে তিন ছক্কা ও চার বাউন্ডারিতে ঝড়ো ৪২ রান করেন রাজাউল্লাহ। শেষ পর্যন্ত কুমারার পঞ্চম শিকারে পরিণত হন তিনি।