বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে স্বাধীন ফোরাম গঠনের উদ্যোগ অস্ট্রেলিয়ার
উসমান খাজা তার আত্মজীবনী প্রকাশের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। প্রতীকী ছবি

২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে তদন্ত শুরু না করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে ওই ঘটনায় জড়িত খেলোয়াড়দের নিজেদের অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে একটি স্বাধীন ফোরাম গঠনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বিষয়টির জট খুলতে এটিকে ‘নতুন সূচনা’ হিসেবে দেখছে তারা।

Advertisement

আট বছর আগে কেপটাউনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে কী ঘটেছিল, তা নিয়ে দীর্ঘদিনের চাপা ক্ষোভ নতুন করে সামনে আসে গত সপ্তাহে। উসমান খাজা তার আত্মজীবনী প্রকাশের পর বিষয়টি আবার আলোচনায় আসে।

আরো পড়ুন : ঢাকায় আশ্রয় নেয়া আ’লীগ নেতাকর্মীদের জন্য দুঃসংবাদ

বইটিতে খাজা অভিযোগ করেন, বলের সুইং বাড়াতে স্যান্ডপেপার দিয়ে বলের উপরিভাগ ঘষার পরিকল্পনার কথা পুরো দলই জানত। তবে বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স জোরালোভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনার সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে বলা হয়েছিল, কেবল অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটই বিষয়টি জানতেন। লজ্জাজনক পরিস্থিতিতে তিনজনকেই দেশে ফিরিয়ে নেয়া হয় এবং নিষিদ্ধ করা হয়।

খাজার নতুন বক্তব্যকে সমর্থন করা ওয়ার্নার গত সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তকে ‘ত্রুটিপূর্ণ’ বলে অভিযোগ করেন। তার দাবি, দলের সব খেলোয়াড়ের সাথে কথা বলা হয়নি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, গত সপ্তাহটি ক্রিকেট এবং ঘটনার সাথে জড়িত সবার জন্য ‘অত্যন্ত কঠিন ও অস্বস্তিকর’ ছিল।

তবে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচের আগে হোবার্টে কথা বলতে গিয়ে গ্রিনবার্গ জোর দিয়ে বলেন, ‘তদন্ত শেষ হয়েছে’। গোপনীয়তার কারণ দেখিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশের সম্ভাবনাও নাকচ করেন তিনি।

এর পরিবর্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন জানান, সম্ভবত সাবেক কোনো বিচারকের নেতৃত্বে একটি ফোরাম গঠন করা হবে। তবে এই ফোরামের মাধ্যমে নতুন করে কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না।

বুন বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় ২০১৮ সালের ঘটনায় জড়িত খেলোয়াড় ও কর্মকর্তাদের নিজেদের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ দিতে একটি ফোরাম গঠনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। বিষয়টি নিয়ে সতর্কতার সাথে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

‘আমরা মনে করি, এবার পরিস্থিতির পরিবর্তন হওয়া প্রয়োজন। অতীতের ঘটনার বিচার বা পুনর্বিচার করা এই উদ্যোগের উদ্দেশ্য নয়। বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের কথা বলার সুযোগ করে দেয়াই এর লক্ষ্য।’

‘অস্ট্রেলিয়ার ক্রিকেট ঐক্যবদ্ধ থাকলে সবচেয়ে শক্তিশালী হয়। বোঝাপড়া, সম্মান ও সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এগিয়ে যেতে সম্ভাব্য সব যুক্তিসংগত চেষ্টা করা আমাদের দায়িত্ব। যারা ক্রিকেটকে ভালোবাসেন, তাদের সবার কাছে আমাদের এই দায় রয়েছে।’

ফোরামে আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এক মাসের মধ্যে কার্যক্রম শেষ করার আশা করছে সংস্থাটি।

গ্রিনবার্গ বলেন, ‘যারা সামনে এসে কথা বলবেন, তাদের গোপনীয়তা রক্ষা করার পাশাপাশি যতটা সম্ভব স্বচ্ছ থাকার চেষ্টা করব আমরা।’

খাজার বক্তব্যকে সমর্থন করে সরব হওয়া ওয়ার্নারকে সন্তুষ্ট করতেই এই ফোরাম গঠন করা হচ্ছে, এমন ধারণাও নাকচ করেন তিনি।

তিনি বলেন, ‘কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য এটি করা হচ্ছে না। বিষয়টি খেলার, পুরো ক্রীড়াঙ্গনের।’

‘কোনো না কোনোভাবে খেলাটিকে এই পরিস্থিতি থেকে সামনে এগিয়ে যেতে হবে। ঘটনাগুলো আট বছর আগের। এগুলো তখন অনেক মানুষের জন্য প্রচণ্ড কষ্ট ও বেদনার কারণ হয়েছিল, এখন আবারো সেই পরিস্থিতি তৈরি হচ্ছে।’

‘একপর্যায়ে আমাদের সামনে এগোতেই হবে। আর প্রয়োজনীয় কিছু পদক্ষেপ না নিয়ে আমরা তা করতে পারব না।’

সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া উচিত নয় বলে একমত ওয়ার্নার। তবে তিনি একটি উন্মুক্ত তদন্তের পক্ষে।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ধারাভাষ্য দেয়ার সময় ওয়ার্নার বলেন, ‘আমি একটি উন্মুক্ত তদন্ত চেয়েছিলাম। সে সময় যারা সেখানে ছিলেন, তারা যেন সামনে এসে নিজেদের কথা বলতে পারেন, সেটাই প্রত্যাশা ছিল।’

‘বিষয়টি শাস্তির নয়। এটি স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন। সে সময় খেলোয়াড় ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সংস্কৃতি কেমন ছিল, তা নিয়ে টড সংস্থার পক্ষ থেকে স্বীকার করেছেন।’

ম্যাচে ধারাভাষ্য দেয়া খাজাও কথা বলার জন্য একটি ‘নিরাপদ পরিবেশ’ তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে পুরো প্রক্রিয়া রুদ্ধদ্বার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

খাজা বলেন, ‘আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কী প্রকাশ করা হবে, সেই সিদ্ধান্ত নেবে বোর্ড।’

‘মানুষ যা বলেছে, তা প্রকাশের চেষ্টা করা কীভাবে একটি কার্যকর পদ্ধতি হতে পারে?’

‘আমি সেখানে গিয়ে কিছু বলতে পারি, কিন্তু পরে বোর্ড সিদ্ধান্ত নিতে পারে যে তারা সেটি প্রকাশ করবে না।’