
জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনটা পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। তবে শেষ সেশনে তিন উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে নাজমুল হোসেন শান্তর দল।
সোমবার দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের ৪০০ রানের সংগ্রহ থেকে এখনো ১১৩ রানে পিছিয়ে স্বাগতিকরা। তৃতীয় দিনে তাই থাকছে দ্রুত উইকেট তুলে নেয়ার চ্যালেঞ্জ।
এইদিন ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ১০১.২ ওভারে ৪০০ রানে থামে প্রথম ইনিংস। ১৭৯ বলে ১২০ রান করেন লিটন। এর আগে তাওহীদ হৃদয় খেলেছিলেন ১৩৭ রানের অসাধারণ ইনিংস।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫ উইকেট নেন কাগিসো রাবাদা, ৪ উইকেট ডেন পিটারসেনের।
জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই এইডেন মার্করামকে হারায় দক্ষিণ আফ্রিকা। হাসান মাহমুদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ৪ রানেই ফেরেন এই ওপেনার। তবে এরপর উইকেটের অপেক্ষা দীর্ঘ হয় বাংলাদেশের।
বোলারদের দীর্ঘ সময় অপেক্ষায় রাখেন মার্কেস অ্যাকারম্যান ও জুবাইর হামজা। দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ২০২ রানের জুটি। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন অ্যাকারম্যান।
১৬৪ বলে ২১টি চার ও এক ছক্কায় ১৫৭ রান করে হাসান মাহমুদের বলে তাসকিন আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। অবশ্য এর আগে ১২৯ বলে ৮৩ রান করে মুমিনুল হকের বলে লিটন দাসের হাতে ধরা পড়েন হামজা।
শেষ সেশনে হাসান মাহমুদের আঘাত অব্যাহত থাকে। তার বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ২ রানেই ফেরেন ম্যাথু ব্রিটজকে। তাতে ২৭৯ রানে চতুর্থ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দিনের বাকি সময় আর কোনো উইকেট পড়তে দেননি অধিনায়ক টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন।
দিন শেষে বাভুমা ১৯ ও রিকেলটন ৭ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ নিয়েছেন ৩ উইকেট, মুমিনুল হকের শিকার ১টি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








