
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল বাংলাদেশ। মাত্র ১২১ রানে ৫ উইকেট হারানোর পর প্রথম ইনিংসে ঠিক ৪০০ রান তুলে অলআউট হয়েছে সফরকারীরা। এশিয়ার বাইরে টেস্টে এটি বাংলাদেশের চতুর্থ চার শ’ ছোঁয়া ইনিংস।
এ ছাড়া এশিয়ার বাইরে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ৫৯৫/৮ রানের। ২০১৭ সালে সাকিব আল হাসানের ২১৭ এবং মুশফিকুর রহিমের ১৫৯ রানের ওপর ভর করে বাংলাদেশ এই বিশাল স্কোর গড়েছিল।
এরপরই আছে ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫৮ রানের ইনিংসটি। ওই ইনিংসে মুমিনুল হক ৮৮, লিটন দাস ৮৬, মাহমুদুল হাসান জয় ৭৮ ও নাজমুল হোসেন শান্তর ৬৪ অর্ধশতকে এই স্কোর আসে।
আর তৃতীয় সর্বোচ্চ রান ৪১৬ রান। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়ার গ্রস আইলেটের এই ইনিংসটি ছিল এশিয়ার বাইরে বাংলাদেশের প্রথম ৪০০ ছাড়ানো ইনিংস। অধিনায়ক হাবিবুল বাশার (১১৩) ও মোহাম্মদ রফিকের (১১১) জোড়া শতকে এই সংগ্রহ গড়ে ম্যাচটি ড্র করেছিল বাংলাদেশ।
আর সর্বশেষ আজ চতুর্থবারের মতো এই কীর্তি গড়ল বাংলাদেশ। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১২১ রানে ৫ উইকেট হারানোর পরও ঘুরে দাঁড়িয়ে ঠিক ৪০০ রান করে বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের ১৩৭ এবং লিটন দাসের ১২০ রানের শতক ও তাদের মধ্যকার ২০৬ রানের জুটি এই স্কোরে মূল ভূমিকা রাখে।
আর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে কখনো হারেনি কোনো দল। প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করার পর ৭ বার ড্র হয়েছে, ১২ বার জয় এসেছে।
সূত্র : ক্রিকইনফো
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








