লিটন দাস, তাওহীদ হৃদয়
দ্বিতীয় ওভারেই মার্করামকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। ক্রিকইনফো

শুরুটা ছিল ভয়াবহ। প্রথম বলেই উইকেট হারানোর পর ২২ রানে ৩ উইকেট নেই। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ৪০০ রানের পুঁজি গড়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

Advertisement

শুধু তা-ই নয়, ওয়ান্ডারার্সে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে এখন পর্যন্ত হারেনি কোনো দল। সেই পরিসংখ্যানই এবার আশার আলো দেখাচ্ছে নাজমুল হোসেনের দলকে। তবে এবার কাজটা করতে হবে বোলারদের।

বোলাররাও যে প্রস্তুত আছেন নিজেদের সেরাটা দিতে, দ্বিতীয় ওভারেই তার নজির দেখা গেছে। ব্যাট করতে নেমে ১.৩ ওভারে উদ্বোধনী জুটি ভেঙেছে দক্ষিণ আফ্রিকার। এইডেন মার্করামকে (৪) ফিরিয়ে দিয়েছেন হাসান মাহমুদ। 

৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৯। মার্কাস অ্যাকারম্যান ৫ ও যুবাইর হামজা ০ রানে অপরাজিত আছেন।

এর আগে ব্যাট হাতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্পের নায়ক তাওহীদ হৃদয় ও লিটন দাস। পঞ্চম উইকেটের পতনের পর দুজন মিলে গড়েন ২০৬ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ এই জুটিতে দুজনই পেয়েছেন সেঞ্চুরি। 

হৃদয় ১৩৭ রান করে দিনের শেষ বলে আউট হন। প্রথম দিন ৩২৭ রানে ৬ উইকেট নিয়ে শেষ করা বাংলাদেশ দ্বিতীয় দিনে লিটনের ব্যাটে আরো এগিয়ে যায়। আগের দিন ৯২ রানে অপরাজিত থাকা লিটন নতুন দিনে পেয়ে যান সেঞ্চুরি। 

টেস্টে এটি তার অষ্টম শতক। মেয়ের তৃতীয় জন্মদিনে সেঞ্চুরিটি উৎসর্গও করেছেন তিনি। তবে ১২০ রানে থামে তার ইনিংস। ১৭৯ বলে ১২টি চার ও একটি ছক্কায় সাজানো ইনিংসটি শেষ হয় মুল্ডারের বলে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে।

লিটনের বিদায়ের পর আর বড় জুটি গড়তে পারেনি বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ১০, হাসান মাহমুদ ০ এবং তাসকিন আহমেদ ৮ রান করে আউট হন। ৪০০ রান পূর্ণ হয় বাংলাদেশের।

দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা নিয়েছেন পাঁচ উইকেট। দ্বিতীয় দিনে চারটি উইকেট শিকার করেছেন পিটারসন।

ওয়ান্ডারার্সের পরিসংখ্যান বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক। এই মাঠে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করার পর কোনো দল হারেনি। এমন সংগ্রহের পর ১২টি জয় এসেছে, ড্র হয়েছে সাতটি ম্যাচ।