
দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সফরটি ঘিরে বাড়তি সুখবরও পেয়েছে টাইগাররা। শুরুতে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা থাকলেও এখন সফরে যোগ হয়েছে আরেকটি ম্যাচ।
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানা গেছে—আগামী বছর হতে যাওয়া এই সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টটি অনুষ্ঠিত হবে কাউন্টি দল এসেক্সের মাঠ চেমসফোর্ডে। এরপর ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ।
চেমসফোর্ডে এর আগে ওয়ানডে খেললেও কখনো টেস্ট খেলা হয়নি বাংলাদেশের। ২০২৩ সালে এই মাঠেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল দলটি। এবার সেখানে প্রথমবারের মতো টেস্ট খেলার সুযোগ পাচ্ছে তারা।
শুধু তা-ই নয়, চেমসফোর্ডেও আগে কখনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। দুটি টেস্টের আগে তিন বা চার দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে বাংলাদেশের। সব মিলিয়ে বেশ দীর্ঘ সফরই অপেক্ষা করছে দলের জন্য।
প্রথমে বাংলাদেশকে শুধু লর্ডসে একটি টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সফরে ওয়ানডে ম্যাচ যুক্ত করার চেষ্টা করেছিল বিসিবি। তবে সেই উদ্যোগ সফল হয়নি।
পরে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আলোচনার মাধ্যমে বাড়তি টেস্ট ম্যাচটি নিশ্চিত করে বিসিবি।
উল্লেখ্য, বাংলাদেশ সবশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফরে টেস্ট খেলেছিল। দীর্ঘ বিরতির পর আবারো ইংলিশদের মাঠে খেলার সুযোগ পাচ্ছে দলটি। এর আগে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








