
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিজেদের পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ। এ কথা স্বীকার করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভবিষ্যতে ঘরের মাঠের সুবিধা আরো ভালোভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে তাওহীদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসে তার ৮২ রানের ইনিংসে হারের পাশাপাশি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়ায় স্বাগতিকরা।
ঢাকায় প্রথম টেস্টে ৮ উইকেটের জয়ে শেষ পর্যন্ত সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
শান্ত জানান, স্পিন সহায়ক উইকেটে খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের। তবে বিশেষ করে সিলেটে প্রত্যাশিত কন্ডিশন পাওয়া যায়নি।
ম্যাচ শেষে সাংবাদিকদের শান্ত বলেন, ‘আমরা স্পিন সহায়ক উইকেটে খেলার পরিকল্পনা করেছিলাম। দুই টেস্টের দিকে তাকালে দেখা যাবে, আমরা তিনজন স্পিনার ও দুজন পেসার নিয়ে খেলেছি। এখনো মনে করি, পরিকল্পনাটি সঠিক ছিল। কিন্তু আমরা তা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারিনি।’
‘সিলেটে আমরা প্রত্যাশিত কন্ডিশন পাইনি। এ ক্ষেত্রে পরিকল্পনায় হয়তো কিছুটা ঘাটতি ছিল।’
বাংলাদেশের প্রত্যাশা ছিল, বল অনেক আগে থেকেই ঘুরতে শুরু করবে। কিন্তু চতুর্থ ও পঞ্চম দিনেও উইকেট অনেকটাই ব্যাটিং সহায়ক ছিল।
স্পিনাররা যথেষ্ট ভালো বোলিং করতে পারেননি বলে শান্ত স্বীকার করেছেন। তবে দীর্ঘদিন ধরে তাদের অবদানের কথা বিবেচনায় নিয়ে দ্রুত আস্থা হারানো উচিত নয় বলে মনে করেন তিনি।
বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘ঘরের মাঠে কিংবা দেশের বাইরে টেস্ট ম্যাচ জিততে বাংলাদেশ সব সময়ই স্পিনারদের ওপর নির্ভর করেছে। তাই এত দ্রুত তাদের ওপর থেকে আস্থা হারানো উচিত নয়। গত ১০-১২ বছর ধরে তারা অবদান রেখে আসছে। তাদের সমর্থন পাওয়া উচিত। দুই-তিনটি সিরিজ খারাপ যেতে পারে, তবে আমার বিশ্বাস তারা ঘুরে দাঁড়াবে।’
এই সিরিজে নিজেদের সামর্থ্য অনুযায়ী ৫০ শতাংশ ক্রিকেটও খেলতে পারেনি বাংলাদেশ বলে মনে করেন অধিনায়ক।
তিনি বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলিনি এবং বিষয়টি মেনে নেয়া গুরুত্বপূর্ণ। এই সংস্করণে আমরা যেভাবে খেলছি, সেই বিবেচনায় আমার মনে হয়, নিজেদের স্বাভাবিক খেলার ৫০ শতাংশও দেখাতে পারিনি। আরো ভালো পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করতে পারলে ফল ভিন্ন হতে পারত।’
সিরিজে ব্যর্থ হলেও ওপেনার তানজিদ হাসান তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধরনকে সমর্থন করেছেন শান্ত। তার মতে, তরুণ এই ব্যাটারের স্বাভাবিক খেলার ধরন বদলানো উচিত নয়, ‘তানজিদ সব সময় এভাবেই খেলে এসেছে এবং সফলও হয়েছে। আমি কখনোই তাকে নিজের স্বভাবের বিপরীতে খেলতে বলব না। তবে ব্যাটিংয়ে তাকে আরো একটু গোছানো হতে হবে। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আমার বিশ্বাস, সে আরো ভালো সিদ্ধান্ত নিতে পারবে।’
ক্যারিয়ারের তৃতীয় টেস্টে তাওহীদ হৃদয়ের অসাধারণ পারফরম্যান্সে বিশেষভাবে সন্তুষ্ট অধিনায়ক। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন হৃদয়।
শান্ত বলেন, ‘ড্রেসিংরুমে আমরা সবাই খুব আনন্দিত ছিলাম। মাত্র তৃতীয় টেস্টেই এত বড় ইনিংস খেলা এবং নিচের সারির ব্যাটারদের সাথে যেভাবে ব্যাটিং করেছে, তা অসাধারণ। কখনো কখনো অভিজ্ঞ ক্রিকেটাররাও এমনটা করতে হিমশিম খায়।’
তিনি আরো বলেন, ‘মিডল অর্ডারে এমন একজনকে খুঁজছিলাম, যে দীর্ঘ সময় ব্যাটিং করতে পারবে। সে এভাবে খেলা চালিয়ে যেতে পারলে দলের জন্য খুব ভালো হবে।’
সামনে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাওয়া যাবে না বলে স্বীকার করেছেন শান্ত, ‘প্রস্তুতির জন্য আসলে আমাদের হাতে খুব বেশি সুযোগ নেই। হয়তো এক-দুই দিন অনুশীলন করতে পারব। তাই যতটা সম্ভব মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। দক্ষিণ আফ্রিকা ভালো দল। তবে আমাদের বোলিং ইউনিট সেরা পারফরম্যান্স করতে পারলে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব বলে বিশ্বাস করি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








