বাবর আজম, পাকিস্তান
আজ অর্ধশতক করেছেন বাবর আজমও। ক্রিকইনফো

অধিনায়ক বাবর আজম ও অভিষিক্ত দুই ব্যাটারসহ চারজনের হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৮১ রান করেছে পাকিস্তান।

Advertisement

অভিষেক টেস্ট খেলতে নেমে ওপেনার তৈয়ব আরিফ করেন ৫৭ রান। আরেক অভিষিক্ত মোহাম্মদ ত্বহা করেন ৫১ রান। অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে আসে ৫০ রান। রাওয়ালপিন্ডির সবুজ পিচে টস জিতে শ্রীলঙ্কার আগে বোলিং করার সিদ্ধান্তটি শেষ পর্যন্ত বুম্যেরাং হয়েছে।

আরো পড়ুন—১২ বছরে ৫ জনকে বিয়ে : পরীমণির প্রেম বিয়ে বিচ্ছেদের ফিরিস্তি

আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে খেলা বন্ধ হওয়ার সময় সৌদ শাকিল ৫৭ রানে অপরাজিত ছিলেন। গাজী ঘোরির সংগ্রহ ছিল ৭ রান।

শ্রীলঙ্কার চার পেসার নিয়ে মাঠে নামা এবং বিশেষজ্ঞ কোনো স্পিনার না রাখার সিদ্ধান্তও ব্যয়বহুল হতে পারে। কারণ প্রথম দিন পিচ থেকে পেসাররা খুব বেশি সহায়তা পাননি।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে আসিথা ফার্নান্দো ছিলেন সবচেয়ে সফল। ৬৪ রানে ২ উইকেট নেন তিনি।

ভালো ছন্দে থাকলেও আরেকটি সেঞ্চুরির অপেক্ষা ঘোচাতে পারেননি বাবর। মধ্যাহ্ন বিরতির পর দিলশান মাদুশঙ্কার শিকার হন তিনি। ৫৮ বলের ইনিংসে সাতটি চার মারেন পাকিস্তান অধিনায়ক।

টেস্টে বাবরের সর্বশেষ সেঞ্চুরি এসেছিল ২০২২ সালের ডিসেম্বরে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর টানা ৪১ ইনিংসে তিন অঙ্কের দেখা পাননি তিনি।

সালমান আগা ১৬ রান করে আউট হন। উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ধরা পড়ে তিনি বিদায় নেন। ইনিংসে এটি ছিল মেন্ডিসের চতুর্থ ক্যাচ।

আরিফ ও আজান আওয়াইসের (৩০) উদ্বোধনী জুটি থেকে আসে ৮৬ রান। শ্রীলঙ্কার পেসাররা শুরুতে এই জুটি ভাঙতে বেশ বেগ পান।

২০ বছর বয়সী আরিফ ৫১ বলের দৃষ্টিনন্দন ইনিংসে নয়টি চার ও একটি ছক্কা মারেন।

১৬তম ওভারে প্রথম সাফল্য পায় শ্রীলঙ্কা। মিলান রত্নায়েকে আওয়াইসকে উইকেটরক্ষক মেন্ডিসের ক্যাচে পরিণত করেন।

এরপর আরিফের ব্যাটের কানায় লেগে আসা বল মেন্ডিসের হাতে জমা হলে তাকে ফেরান ফার্নান্দো। এতে পাকিস্তানের স্কোয় দাঁড়ায় ২ উইকেটে ৯০।

পাকিস্তানের হয়ে অলরাউন্ডার আরাফাত মিনহাস ও পেসার সাকিব খানেরও এই ম্যাচে টেস্ট অভিষেক হয়েছে।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১৭ নভেম্বর থেকে লাহোরে শুরু হবে।